
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 2 April 2025 22:49
দ্য ওয়াল ব্যুরো: হাতে মাত্র ১২ দিন। ১৫ এপ্রিল পয়লা বৈশাখ (Poila Boisakh)। বাংলা নববর্ষের প্রথম দিনকে সামনে রেখে বুধবার একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করল তৃণমূল (TMC)।
পর্যবেক্ষকদের অনেকের মতে, আগামী ৬ এপ্রিল রাম নবমীকে (Ram Navami) সামনে রেখে রাজ্যজুড়ে বিজেপি (BJP) যেভাবে হিন্দুত্বের স্লোগান তুলে দিকে দিকে একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে, তারই মোকাবিলায় এবার বাঙালিআনায় বাড়তি জোর দেওয়ার কৌশল নিল শাসকদল।
ওই দিন কী কর্মসূচি রয়েছে তৃণমূলের?
২০২৩ সালের অগস্টে রাজ্য বিধানসভায় বিধানসভার স্পিকার নিযুক্ত কমিটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ১ বৈশাখকে মান্যতা দিয়েছিল। তারপর ২০২৪ সালে প্রথম সরকারিভাবে পালিত হয় পশ্চিমবঙ্গ দিবস। এবার শাসকদলের তরফেও রাজ্যের প্রতিটি বুথে বুথে ঘটা করে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দলীয় সূত্রের খবর, বুথস্তর পর্যন্ত সর্বত্র ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য এলাকায় এলাকায় হোর্ডিং, ব্যানার লাগানোর নির্দেশও দেওয়া হয়েছে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এলাকা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানও করবেন শাসকদলের নেতা, কর্মীরা। সেখানে স্থানীয় বিশিষ্টদের সম্মানও জানানো হবে। আর এই পুরো কর্মসূচিতে পার্টির লোকজনের পাশাপাশি এই কর্মসূচিতে বেশি করে স্থানীয় মানুষকে শামিল করার কথাও বলা হয়েছে।
যা থেকে স্পষ্ট, পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখেও এবার জনসংযোগে নামছে তৃণমূল। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখেই এবারে রাম নবমীকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অজস্র কর্মসূচি নিয়েছে পদ্মশিবির। পর্যবেক্ষকদের অনেকের মতে, তার মোকাবিলায় পয়লা বৈশাখকে সামনে রেখে তৃণমূল বাঙালিআনায় জোর দিয়ে পরোক্ষে এই বার্তাও পৌঁছে দিতে চাইছে যে তারা বিশেষ একটি দলের মতো ধর্মের নামে রাজনীতি করে না।