ভিডিওতে দেখা গিয়েছে, হুমায়ুন কবির কোনো একজনকে বলছেন বিজেপি র কাছ থেকে তিনি হাজার কোটি টাকা চেয়েছেন মুসলিম ভোটকে প্রভাবিত করার জন্য।
.jpeg.webp)
হুমায়ুন কবির
শেষ আপডেট: 9 April 2026 13:59
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে সরাসরি তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আক্রমণের ঝাঁজ কমার আগেই সাংবাদিক সম্মেলন করে ফের বোমা ফাটিয়েছে তৃণমূল। শাসক দলের নিশানায় হুমায়ুন কবীর এবং বিজেপির সরাসরি আঁতাত। সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবিরের একটি ভিডিও দেখিয়ে তৃণমূলের অভিযোগ, বিজেপির থেকে টাকা নিয়ে মুসলিম ভোটারদের ভুল বোঝানোর অভিযোগ করা হয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে, হুমায়ুন কবির কোনো একজনকে বলছেন বিজেপি র কাছ থেকে তিনি হাজার কোটি টাকা চেয়েছেন মুসলিম ভোটকে প্রভাবিত করার জন্য। এরমধ্যে তিনশো কোটি টাকা অগ্রিম চেয়েছেন তিনি। হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে যে বাবরি মসজিদের দাবি তিনি তুলেছেন মুসলিম সমাজের ভাবাবেগকে কাজে লাগানোর জন্য। তিনি আরও বলেন, বাবরি নামের থেকেও মসজিদটা আসল। ভিডিওতে হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে যে পিএমও-র সঙ্গে কথা বলে শুরুতে অসমের মুখ্যমন্ত্রী এবং পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই কাজে তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন।
তৃণমূলের দাবি এই ঘটনা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ। তৃণমূলের দাবি, পিএমও থেকে কারা যোগাযোগ রাখছেন, হিমন্ত এবং মোহন যাদবের সঙ্গে যোগাযোগ, বিহারে অন্য একজন কিভাবে টাকা রেখেছে সেইভাবে তিনি রাখবেন এবং বর্তমানে হুমায়ূন যে এত হেলিকপ্টার নিয়ে ঘুরছে তা পুরোটাই একটা স্ক্যাম এবং এর তদন্ত হওয়া উচিত।
সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম বলেন, "মুসলিম ধর্মাবেগকে বিক্রি করছে হুমায়ূন কবির। হাজার কোটি টাকা চাইছে এই কাজ করার জন্য। আমরা এই মুসলমান সমাজের মানুষ কি গরু-ছাগল নাকি বুদ্ধিহীন?" এই রকম মানুষ এই কাজ করবে আর আমরা সেটা মেনে নেব? এই প্রশ্ন করেন ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন, "আমাদের ভাবাবেগ কি বিক্রি করার জায়গা? আমাদের নিজস্ব বুদ্ধি আছে এবং আমরা এর জবাব দেব।" বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, "এসআইআর করে নাম বাদ দিয়ে শান্তি হচ্ছে না। এর উপরে বেইমান গুলোকে কিনে নিচ্ছে।"
তৃণমূলের এই বিস্ফোরক ভিডিও প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, "এই ভিডিও এআই দিয়ে বানিয়েছে তৃণমূল। প্রমাণ করতে না পারলে দু'হাজার কোটি টাকার মানহানীর মামলা করব।"