
শেষ আপডেট: 14 April 2023 08:25
দ্য ওয়াল ব্যুরো: এক শিশুকে জিভ চুষতে বলা কাণ্ডে তিব্বতি ধর্মগুরু দলাই লামার (Dalai lama) পাশে দাঁড়ালেন নির্বাসিত তিব্বতি প্রশাসনের শীর্ষ নেতা পেনপা শেরিং। এক বিবৃতিতে তিনি ধর্মগুরুর বিরুদ্ধে ওঠা সমালোচনার নেপথ্যে চিনা ষড়যন্ত্রের উল্লেখ করে জানিয়েছেন সাধারণ তিব্বতি জনগণ দলাই লামাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে অত্যন্ত আহত ও ক্ষুব্ধ হয়েছে।
তাঁর মতে, দলাই লামা নেহাতই বর্ষীয়ান অভিভাবক সুলভ দুষ্টুমি (prank) করেছিলেন ওই নাবালকের সঙ্গে। এই ঘটনার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এর আগে লামা সম্প্রদায়ের থেকেও জানানো হয়েছিল, নিছক মশকরা নয়, শিশুকে বলা তিব্বতি ধর্মগুরুর কথাটি ছিল প্রকৃত অর্থে এক আধ্যাত্মিক ক্রিয়ার প্রকাশ। যাঁরা এই বিষয়টি সম্পর্কে অবহিত নয়, তাঁদের চোখেই গোটা ঘটনা অশালীন ঠেকেছে।
পেনপা শেরিং তাঁর বিবৃতিতে আরও জানিয়েছেন, এই ঘটনায় সেই নাবালক বা তার মা কেউই কোনওরকম অভিযোগ করেনি। তাহলে যাঁরা বিষয়টির সঙ্গে কোনওভাবেই জড়িত নয় তাঁরা দলাই লামাকে কীভাবে দোষী সাব্যস্ত করল?
এই ভিডিওটি কাটছাঁট করে প্রচার করা হয়েছে বলে জানিয়েছেন শেরিং। তিনি বলেন, জনগণকে যা দেখানো হয় তাঁরা সেটাই দেখেন। এতে তাঁদের বিশেষ দোষ নেই। অর্থাৎ পেনপার স্পষ্ট ইঙ্গিত চিনের দিকেই।
একটি ভিডিওতে দলাই লামাকে এক শিশুর ঠোঁটে চুমু খেতে দেখা যায়। পাশাপাশি, শিশুটি তাঁর জিভ চুষে দিতে পারে কিনা জিজ্ঞেস করেন। এই ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সব মহলে। কেউ কেউ নোবেল পুরস্কার প্রাপ্ত এই ধর্মগুরুকে 'পেডোফিল' আখ্যা দিয়ে যৌন নিগ্রহের অভিযোগ আনেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে টুইটারে ক্ষমা চেয়ে নেন দলাই লামা।