ঝাড়খণ্ডে মান্থা, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। উত্তরবঙ্গে কমবে দাপট, জানিয়েছে আবহাওয়া দফতর।

ফাইল ছবি
শেষ আপডেট: 1 November 2025 11:21
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘মান্থা’র (Cyclone Motha) প্রভাবে এখনও ভিজছে রাজ্য। শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছ’টি জেলায়। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD Alipore)।
শনিবার সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশের মুখে ভার। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। গোটা দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায়। দক্ষিণবঙ্গের অন্য কোনও জেলায় আপাতত তেমন বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে ধীরে ধীরে সব জেলাতেই বৃষ্টি কমে গিয়ে আবহাওয়া শুকনো হতে শুরু করবে।
উত্তরবঙ্গে বৃষ্টি তুলনায় কমেছে। শুক্রবার দার্জিলিং-সহ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছিল। শনিবার সেই সতর্কতা অনেকটাই শিথিল। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে (Cooch Behar) এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি একেবারে কমে যাবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় মান্থা ইতিমধ্যেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এর অবস্থান উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডের কাছে। আগামী ১২ ঘণ্টায় সিস্টেমটি আরও উত্তর-উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে বিহারের সীমান্তে পৌঁছবে। ফলে পশ্চিমবঙ্গে এর প্রভাব আরও কমবে।
আবহাওয়া দফতরের মতে, ‘মান্থার অবশিষ্টাংশ এখন দুর্বল নিম্নচাপ মাত্র। তাই আর তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।’ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টি থামলে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনাও রয়েছে।