দ্য ওয়াল ব্যুরো : জাতীয় নাগরিক পঞ্জিতে যাদের নাম নেই, তাঁদের ভোট দিতে সমস্যা হবে না। বুধবার মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত বলেছেন, যাঁরা জাতীয় নাগরিক পঞ্জিতে বাদ পড়েছেন, তাঁদের নাম যদি ভোটার তালিকায় থাকে তা হলে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করবে জানুয়ারি মাসে। চূড়ান্ত নাগরিকপঞ্জি তৈরি হবে তার পরে। নির্বাচন কমিশন অতদিন অপেক্ষা করবে না।
গত সোমবার অসমে জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশিত হয়। তাতে ৪০ লক্ষ অসমবাসীর নাম বাদ পড়েছে। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে দেশ জুড়ে। তার প্রভাব পড়েছে সংসদের বাদল অধিবেশনেও। বিরোধীদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যে বৈধ অসমবাসীদের নাম নাগরিকপঞ্জি থেকে বাদ দিয়েছে বিজেপি। অন্যদিকে বিজেপির দাবি, অসম থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়নের জন্য প্রথমে উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। কিন্তু কাজটি শেষ করার হিম্মত ছিল না কংগ্রেসের। বিজেপি এতদিনে অনুপ্রবেশকারীদের তাড়ানোর চেষ্টা করছে।
এই অবস্থায় যে প্রশ্নটি সবার মনে উঠেছিল, তা হল, যাঁদের নাম জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে তাঁরা কি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন? এদিন মুখ্য নির্বাচন কমিশনারের কথায় সেই বিভ্রান্তি দূর হল।