
শেষ আপডেট: 7 November 2022 17:46
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরেই ঘটতে চলেছে এই বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (total lunar eclipse), যার সাক্ষী হতে পারবেন ভারতবাসীরাও। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু সহ কলকাতাবাসীও (Kolkata) চাক্ষুষ করতে পারবেন বছরের শেষ চন্দ্রগ্রহণ।
মঙ্গলবার গ্রহণ শুরু হবে দুপুর ২:৩৯ মিনিটে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে গেলে অপেক্ষা করতে হবে দুপুর ৩টে বেজে ৪৬ মিনিট পর্যন্ত। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অতি অল্প সময়ের জন্য স্থায়ী হয়। তবে তা শেষ হলেও আরও বেশ কিছুক্ষণ চলবে আংশিক গ্রহণ।
ভারতের একাধিক শহরের বাসিন্দারা এই চন্দ্র গ্রহন দেখার সুযোগ পাবেন। কলকাতার বাসিন্দাদের গ্রহণ দেখার জন্য অপেক্ষা করতে হবে বিকেল ৪টে ৫২ মিনিট পর্যন্ত। পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে ৪টে ৫৫ মিনিটে। তারপরেও আংশিক গ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত।
তবে কলকাতার মতো পূর্ণগ্রাস গ্রহণ দেখার সুযোগ নেই দিল্লি, মুম্বই কিংবা বেঙ্গালুরুবাসীর। এই শহরগুলি থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। দিল্লিতে গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ২৮ মিনিট থেকে, যা সবচেয়ে ভাল দেখা যাবে ৫টা ৩১ মিনিট পর্যন্ত। মুম্বইতে চন্দ্রগ্রহণ দেখা যাবে সন্ধে ৬টা ০৪ মিনিটে। বেঙ্গালুর ক্ষেত্রে সেই সময় হল বিকেল ৫টা ৪৯ মিনিট। নাগপুর থেকেও বিকেল ৫টা ৩৫ মিনিটে সবচেয়ে ভালো গ্রহণ দেখা যাবে।
চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন এক সরলরেখায় আসে, তখনই গ্রহণ ঘটে। তখন পৃথিবীর ছায়ায় ঢেকে যায় চাঁদ, যার ফলে সূর্যের আলো চাঁদের গায়ে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসার সুযোগ পায় না। তার কারণেই চাঁদকে দেখতে পান না পৃথিবীবাসী। এই ঘটনাকেই বলে চন্দ্রগ্রহণ। মঙ্গলবার এই পূর্ণগ্রাস গ্রহণের সময় চাঁদকে লাল রঙের দেখাবে (blood moon) বলে জানানো হয়েছে নাসার তরফে।
হাসপাতালে কন্যাসন্তান জন্মালে এক টাকাও নেন না এই চিকিৎসক! ভ্রূণহত্যা রুখতে অভিনব প্রয়াস