ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ঘিরে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। সেই ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 December 2025 16:34
দ্য ওয়াল ব্যুরো: ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে (Gita Path in Brigade) প্যাটিস বিক্রেতাকে মারধরের (Brigade's patties case) অভিযোগ ঘিরে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। সেই ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কৃষ্ণনগরের সভা থেকে স্পষ্ট বার্তা—বাংলায় আইন নিজের মতো কাজ করে, গা-জোয়ারির রাজনীতি নয়। ইতিমধ্যে ওই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
এদিনের সভা থেকে ওই প্রসঙ্গের উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সবকটাকে গ্রেফতার করেছি! এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়।”
শুধু অভিযুক্তদের গ্রেফতার নয়, আয়োজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কটাক্ষ, “গীতাপাঠ তো ঘরেই করা যায়। তার জন্য ব্রিগেডে পাবলিক মিটিং কেন? ঠাকুর-দেবতা মনের মধ্যে থাকেন। ধর্ম মানে মানবিকতা—হিংসা নয়।”
এরপরই সরাসরি বিজেপিকে নিশানা করে মমতার মন্তব্য, “বিজেপির বন্ধুরা এর উত্তর দেবেন।” তার সঙ্গে অভিযোগ, শান্ত বাংলায় ধর্মকে হাতিয়ার করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। তাঁর আশ্বাস, “আমি থাকতে বাংলায় ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে বিভেদ বরদাস্ত করব না।”
ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল আয়োজকরা। তিনি যাননি। পরে সাংবাদিকদের বলেন, “ওটা তো বিজেপির প্রোগ্রাম! আমি সেখানে কীভাবে যাব?”
এ দিন সভা থেকে বিজেপিকে ‘হ্যাংলা পার্টি’ বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “গণতন্ত্রে ভরসা নেই ওদের। পিছনের দরজা দিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখছে। কিন্তু সেই স্বপ্ন কোনওদিন পূরণ হবে না।” ২৯ এ দেশের ভোট। ততদিন কেন্দ্রে বিজেপি আদৌ থাকবে কিনা, তা নিয়েও এদিনের সভা থেকে সংশয় প্রকাশ করেছেন তিনি।