
ধরা পড়ার পর।
শেষ আপডেট: 18 November 2024 17:11
দ্য ওয়াল ব্যুরো: ফোন পেয়ে চোর ধরতে অকুস্থলে পৌঁছেছিল পুলিশ। কিন্তু থানার পরিবর্তে চোরকে পাঁজাকোলা করে হাসপাতালে নিয়ে গিয়ে তার সেবা শ্রশ্রূষা করতে হল!
কারণ, পুলিশকে দেখা মাত্রই জ্ঞান হারিয়েছিল চোর! সোমবার অবাক করা ঘটনাটি ঘটেছে চুঁচুড়া পুরসভার পাঠক বাগান এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অনেকের মতে, সবটাই নাটক। আসলে চুরির কৌশল হিসেবে অভিনয়টাও ভালভাবে রপ্ত করে ফেলেছে। পুলিশের অবশ্য দাবি, অভিযুক্তর শারীরিক দুর্বলতা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত যুবক নেশাখোর। নেশার টাকা জোগাড় করতে গিয়েই এদিন ধরা পড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুরে পাঠক বাগান এলাকার একটি মন্দিরে চুরির উদ্দেশে ঢোকে দুই যুবক। মন্দিরের বাসনপত্র এবং গ্যাসের ওভেন নিয়ে পালানোর মুহূর্তে স্থানীয়রা তাদের ধরে ফেলে। একজন পালিয়ে গেলেও অপরজন ধরা পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ এলে চোরটি অজ্ঞান হয়ে যায়। পুলিশের দাবি, অভিযুক্ত থরথর করে কাঁপছিল। আচমকা জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে চিকিৎসার পর অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ। উত্তর ২৪ পরগনার নৈহাটি, হালিশহর থেকে এসেছিল দুই অভিযুক্ত। অপরজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।