
শেষ আপডেট: 6 October 2023 13:56
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তাঁর প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মহেশতলা এলাকায়। ওই যুবক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। গত ৪ অক্টোবর চিকিৎসা চলাকালীন হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার রাতে যুবকের দেহ বাড়িতে নিয়ে যেতেই ওই তরুণীর বাড়িতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহেশতলা এলাকার বাসিন্দা। রবীন্দ্রনগর থানা এলাকার আকড়া ফটক ফুলতলা বস্তির এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। রাতে প্রায়ই প্রেমিকার সঙ্গে দেখা করতে ওই এলাকায় যেতেন যুবক। তরুণীর প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে তাঁর পরিবারের লোকেদের জানিয়েছিল। তার পর থেকে মেয়ের উপর নজর রাখতে শুরু করে তরুণীর বাড়ির লোকজন।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
গত ৩ অক্টোবর তরুণীর বাড়ির সামনে যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরা যুবককের বাড়িতে খবর দেন। এর পরে তাঁকে প্রথমে গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত ৪ তারিখ সেই হাসপাতালে যুবকের মৃত্যু হয়।
যুবকের আত্মীয়দের অভিযোগ, ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে তরুণীর পরিবার। তাই তরুণীর দুই ভাইয়ের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তরুণীর আত্মীয়দের পাল্টা দাবি, ওই যুবক মাঝ রাতে লুকিয়ে বাড়িতে ঢুকেছিল। ধরা পড়তেই পালাতে গিয়ে ছাদ থেকে ঝাঁপ দেয় সে।
বৃহস্পতিবার রাতে যুবকের দেহ বাড়ি পৌঁছলে তরুণীর বাড়ির এলাকায় হামলা চালায় উত্তেজিত জনতা। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।