
শেষ আপডেট: 23 January 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সুন্দরবনে বাঘের গতিবিধি নজরে রাখতে গলায় রেডিও কলার পরানো হয়। এবার গলায় রিফ্লেক্টিং কলার পরানো হল মগড়ার চন্দ্রহাটিতে।
মঙ্গলবার সকালে রাস্তার কুকুর ধরতে ছোটাছুটি করতে দেখা যায় চন্দ্রহাটি ফাঁড়ির পুলিশকে। তাই দেখে প্রথমে থমকে দাঁড়ান পথচলতি জনতা। হঠাৎ পুলিশ রাস্তার কুকুর ধরছে কেন, তাই নিয়ে শুরু হয় জল্পনা। এরপরেই তাঁরা দেখেন, কুকুর ধরে তার গলায় বেল্টের মতো কিছু একটা পরিয়ে দিচ্ছেন পুলিশকর্মীরা।
তারপরেই জানা যায় আসল ব্যাপার। চন্দ্রহাটি ফাঁড়ির অফিসার রোলান্ড লিপাট বলেন, “কুয়াশায় ভালো করে রাস্তা দেখা যায় না। এসটিকেকে রোডে এত যান চলাচল করে কুকুর রাস্তা পেরোতে গিয়ে দুর্ঘটনা ঘটছে বারবার। কুকুরও মারা যাচ্ছে, আবার দুর্ঘটনায় হাত পা ভাঙছে বাইক আরোহীদের। তাই রিফ্লেক্টিং কলার পরানো হচ্ছে কুকুরদের। দূর থেকে গাড়ির আলোয় এই কলার রিফ্লেক্ট করবে। তাতে চালকরাও গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারবেন। জীবন বাঁচবে উভয়েরই। এদিন কুন্তিঘাট থেকে বিটিপিএস টাউনশিপ পর্যন্ত যত কুকুর ছিল সবার গলার রিফ্লেক্টিং কলার পরানো হয়।
পুলিশের এমন ভূমিকায় খুশি এলাকার মানুষ। চন্দ্রহাটি ফাঁড়ির এএসআই রোলান্ড লিপাট এর আগে পান্ডুয়া থানায় পোস্টিং ছিলেন। সেখানে সাধারণ মানুষের জন্য একাধিক ভালো কাজ করেছিলেন। তাই তাঁর বদলির সময় ওই এলাকার বাসিন্দারা থানায় গিয়ে তাঁকে থেকে যেতে অনুরোধ করেছিলেন। এই থানায় বদলির পরও একই ভূমিকায় দেখা গেল এই পুলিশ অফিসারকে।