
শেষ আপডেট: 13 February 2024 08:09
দ্য ওয়াল ব্যুরো: আন্টার্কটিকা ভ্রমণের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণার মামলা এখনই হস্তক্ষেপ করতে চাইল না কলকাতা হাইকোর্ট। আন্টার্কটিকা নিয়ে যাওয়ার নামে বিভিন্ন ব্যক্তির থেকে কোটি কোটি টাকা লুঠেছিল দক্ষিণ কলকাতার এক ভ্রমণ সংস্থা। ওই সংস্থার শ্রেয়সী বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সূত্রের খবর, আদালত তাঁর আবেদন শুনতেই চায়নি।
চারদিকে সাদা বরফ। ঘুরে বেড়াচ্ছে পেঙ্গুইন। এমনই দৃশ্য চোখের সামনে রেখে আন্টার্কটিকা ভ্রমণের লোভ দেখাত দক্ষিণ কলকাতার একটি সংস্থা। তার জন্য দেওয়া হত বিজ্ঞাপনও। এই বিজ্ঞাপন দেখেই ট্যুরের আবেদন করেছিলেন অনেকে। আর তাতেই প্রতারণা চক্রের পাল্লায় পড়লেন তাঁরা।
আন্টার্কটিকা ভ্রমণের নামে একেক জনের কাছ থেকে অন্তত এক কোটি টাকা হাতিয়েছে এই চক্রটি, অভিযোগ এমনই। এই অভিযোগের ভিত্তিতেই সংস্থার মালিক শ্রেয়সীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আন্টার্কটিকার ভিডিও ও ছবি দেখিয়ে প্রলুব্ধ করা হত লোকজনকে। বিজ্ঞাপনও ছিল আকর্ষণীয়। সেখানে বলা হয়েছিল, আন্টার্কটিকায় যেতে বয়স সমস্যা নয়। যাঁরা যেতে চান তাঁদের সব ব্যবস্থা করে দেবে ওই সংস্থা। মেডিক্যাল রিপোর্ট পেতে কোনও অসুবিধা হবে না। ভ্রমণ সংক্রান্ত নথিও দেওয়া হয় তাঁদের। কিন্তু আন্টার্কটিকা যাত্রার আগে তাঁরা জানতে পারেন যে, সেগুলি ভুয়ো। কিন্তু টালিগঞ্জের ওই অফিসে যোগাযোগ করে কোনও লাভ হয়নি। তাঁরা টাকাও ফেরত পাননি। এরপরই ওই ভ্রমণকারীরা টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত করে ওই মহিলার নাম পায়। তারই ভিত্তিতে গ্রেফতার করা হয়।
শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলা হলে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ধৃত মহিলাকে জেরা করে চক্রের অন্যদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে আপিল করেছিল ওই মহিলা। বিচারক জয় সেনগুপ্ত জানান, এখনই তিনি এই মামলায় হস্তক্ষেপ করতে চান না। ২২ তারিখ মামলার পরবর্তী শুনানির দিন দেওয়া হয়েছে। ওই দিন কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।