
শেষ আপডেট: 8 October 2023 19:17
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হিন্দমোটর কারখানার নিকাশি নালা থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। শনিবার দেহ উদ্ধার হওয়ার কয়েকঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ। যুবকের পরিবারের দাবি, ছেলে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে তাঁর বন্ধুই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম বিজয় প্রামাণিক। উত্তরপাড়া শিবতলা এলাকার বাসিন্দা তিনি। শুক্রবার বিকেলে বিজয়কে বন্ধু পিকু ঘোষ বাড়ি থেকে তাঁকে ডেকে নিয়ে গিয়েছিল। এরপর থেকে বিজয় আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলেও ছেলের সন্ধান পাননি। পরে তাঁরা পুলিশের দ্বারস্থ হন।
শনিবার রাতে পুলিশ কাছ থেকে আত্মীয়রা জানতে পারেন হিন্দমোটর কারখানার একটি নিকাশি নালার কাছ থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। দেহ শনাক্ত করার জন্য তাঁরা উত্তরপাড়া স্টেট জেলারেল হাসপাতালের মর্গে যান। সেখানেই বিজয়কে শনাক্ত করেন আত্মীয়রা। এরপরেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।
যুবকের মা বনলতা প্রামাণিক বলেন, বিজয়কে শুক্রবার পিকু নামে এক বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। ছেলে বাড়ি না ফেরায় পিকুর বাড়িতেও তাঁরা গিয়েছিলেন। কিন্তু সেখানে পিকুর পাওয়া যায়নি। পুরনো কোনও বিবাদের জেরে পিকু ছেলেকে খুন করে থাকতে পারে পিকুই বলে অভিযোগ বনলতাদেবীর।
বনলতাদেবীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই নিখোঁজ যুবকের দেহ পাওয়া যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ পিকু ঘোষ নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।