নওশাদের দাবি, বাংলায় লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী রয়েছেন। কিন্তু বাজেটে কোথাও বলা হল না, কত হাজার বা কত লক্ষ চাকরি তৈরি হবে, কী ভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে, শিল্প স্থাপনের মাধ্যমে কী ভাবে অর্থনীতিকে চাঙ্গা করা হবে। তার বদলে আবারও ভাতার কথাই শোনানো হল।
.jpeg.webp)
নওশাদ সিদ্দিকি ও মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 5 February 2026 19:34
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বাজেট থেকে কোনও স্পষ্ট দিশা মিলল না। এই অভিযোগ তুলে ভোট অন অ্যাকাউন্টের তীব্র সমালোচনা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। তাঁর বক্তব্য, গোটা বাজেটটাই (State Budget) ঘুরে ফিরে ভাতা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকল। ৫০০, ১০০০, ১৫০০ টাকার অঙ্ক ছাড়া কর্মসংস্থান, শিল্প বা স্থায়ী কাজের কোনও রূপরেখা উঠে এল না (West Bengal News)।
নওশাদের দাবি, বাংলায় লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী রয়েছেন। কিন্তু বাজেটে কোথাও বলা হল না, কত হাজার বা কত লক্ষ চাকরি তৈরি হবে, কী ভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে, শিল্প স্থাপনের মাধ্যমে কী ভাবে অর্থনীতিকে চাঙ্গা করা হবে। তার বদলে আবারও ভাতার কথাই শোনানো হল।
স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও বাজেটকে একমুখী বলে আক্রমণ করেন ভাঙড়ের বিধায়ক (ISF MLA)। তাঁর বক্তব্য, গোটা স্বাস্থ্য পরিষেবাকে কার্যত ‘স্বাস্থ্যসাথী’ (Swasthya Saathi) কার্ডের উপর দাঁড় করিয়ে রাখা হয়েছে। গ্রাম, মফস্বল থেকে শুরু করে শহরের সাধারণ মানুষ কী ভাবে সার্বিক ও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন, সেই বিষয়ে বাজেটে কোনও স্পষ্ট দিশা নেই।
পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের প্রসঙ্গও তোলেন নওসাদ। নির্বাচনের আগে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাজেটে কার্যত দেখা গেল মাত্র ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি। তাঁর অভিযোগ, কর্মচারীদের ন্যায্য পাওনা মেটানোর কোনও সদিচ্ছা বাজেটে প্রতিফলিত হয়নি।
বেকার যুবকদের জন্য ১৫০০ টাকা ভাতা ঘোষণাকে নিছক ভোটের চমক বলেও কটাক্ষ করেন আইএসএফ বিধায়ক। তাঁর স্পষ্ট বক্তব্য, ভাতা নয়, কাজের ব্যবস্থা হলে তবেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। নওসাদের কথায়, “এই ভাতার বদলে যদি কর্মসংস্থানের ঘোষণা করা হত, কাজের সুযোগ তৈরি হত, তা হলে আমি নিজে বিরোধী আসনে বসে টেবিল চাপড়াতাম।”
বস্তুত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ভাতা, সিভিক পুলিশ, পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধিও হয়েছে। তবে এবারের বাজেটে সব থেকে বড় ঘোষণা হয়েছে মাধ্যমিক পাশ বেকারদের জন্য। মাসে দেড় হাজার টাকা করে ভাতা পাবেন তাঁরা। এ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মনে করছেন, সরকার চাকরি যে দিতে পারবে না, তাই স্পষ্ট করে দিয়েছে এই বাজেটে।