এখনও অনেক জায়গায় ফর্ম জমা পড়লেও ডিজিটাইজের কাজ হয়নি। এমন অবস্থায় ২৫টি এজেন্সির সঙ্গে ভোট প্রস্তুতির বৈঠকে বসেছে কমিশন।
.jpeg.webp)
সিইও মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 11 December 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: আজ, বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম (Enumeration Form) জমা দেওয়ার শেষ দিন। কমিশনের (Election Commission) পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে (West Bengal Election News) ইতিমধ্যে ফর্ম বিলি করার প্রাথমিক পর্যায় ৯৯ শতাংশ হয়ে গিয়েছে। যদিও এখনও অনেক জায়গায় ফর্ম জমা পড়লেও ডিজিটাইজের কাজ হয়নি। এমন অবস্থায় ২৫টি এজেন্সির সঙ্গে ভোট প্রস্তুতির বৈঠকে বসেছে কমিশন (West Bengal)।
সাড়ে এগারোটায় শুরু হওয়া বৈঠকে থাকার কথা ছিল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার। কিন্তু বেলা একটার পরও দেখা গেল না তাঁদের। তবে রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, বৈঠকে উপস্থিত থাকবেন।
এদিনের বৈঠকে এখনও অবধি উপস্থিত হয়েছেন সিআইএসএফ-এর এয়ারপোর্ট ডিআইজি অজয় কুমার, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী, পূর্ব রেলের আরপিএফ-এর চিফ সিকিউরিটি কমিশনার ডিআইজি রফিক আহমেদ আনসারি, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ভূপেন্দ্র যাদব এবং রাজ্য পরিবহন দফতরের সচিব আইএএস সৌমিত্র মোহন।
এছাড়া বৈঠকে যোগ দিয়েছেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার তথা আইজি আরপিএফ অমিয়নন্দন সিনহা।
এদিকে, ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। তার আগে পশ্চিমবঙ্গের এসআইআর (Special Intensive Revision) চলাকালীন নতুন ভোটকেন্দ্র চিহ্নিতকরণে জেলা নির্বাচন আধিকারিকদের (DEO) গড়িমসিতে চরম অসন্তুষ্ট নির্বাচন কমিশন।
কমিশনের তরফে আগেই চিঠি দিয়ে জানানো হয়েছিল, কোনও বুথে ১২০০-র বেশি ভোটার থাকলে নতুন বুথের প্রয়োজন। এমনকী বহুতল, হাউজিং সোসাইটি, RWA কলোনি, গেটেড কমিউনিটি, স্লাম— এসব জায়গায় উপযুক্ত কমন এরিয়া বা গ্রাউন্ড ফ্লোরে ঘর থাকলে সেখানে বুথ করার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যের জেলায় কমিশনের ওই নির্দেশকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ।
এ ব্যাপারে এদিন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিককে উদ্দেশ্য করে কমিশন একটি কড়া চিঠি পাঠিয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে— “কোনও জেলার তরফে নতুন ভোটকেন্দ্রের প্রস্তাব এখনও কমিশনে আসেনি।”
কেন গুরুত্বপূর্ণ এই কাজে গড়িমসি, আগামি ৩১ ডিসেম্বরের মধ্যে তার কৈফিয়তও চাওয়া হয়েছে কমিশনের তরফে। চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, নতুন বুথ তৈরির প্রয়োজনীয়তার কথা আগেই উল্লেখ করা হয়েছিল। কিন্তু রাজ্যের জেলাগুলি সেই নির্দেশ মানেনি।
কমিশন জানিয়েছে, এই ব্যর্থতাকে তারা অত্যন্ত “গুরুতর” বলে মনে করছে। কেন এমন মনে করা হচ্ছে রীতিমতো পয়েন্ট করে তা উল্লেখও করা হয়েছে চিঠিতে।
১. নতুন বুথ তৈরির প্রয়োজনীয়তা— নির্দেশ মানেনি জেলা
কমিশনের আগের নির্দেশ অনুযায়ী—
• কোনও বুথে ১২০০-র বেশি ভোটার থাকলে নতুন বুথের প্রয়োজন।
• H2H (House-to-House) এনুমারেশনের ভিত্তিতে ERO–দের নতুন বুথের প্রয়োজনীয়তা নির্ধারণ করতে বলা হয়েছিল।
• বহুতল, হাউজিং সোসাইটি, RWA কলোনি, গেটেড কমিউনিটি, স্লাম— এসব জায়গায় উপযুক্ত কমন এরিয়া বা গ্রাউন্ড ফ্লোরে ঘর থাকলে সেখানে বুথ করার নির্দেশ ছিল।
কিন্তু কমিশনের অভিযোগ— জেলার কেউই সেই নির্দেশ মানেনি।
২. DEO–দের উদ্দেশ্যে (DM)
চিঠিতে কমিশন বলেছে—
• DEO–দের বারবার নির্দেশ দেওয়া হয়েছিল।
• ২৮ নভেম্বরের পর্যালোচনা বৈঠকেও একই সতর্কতা দেওয়া হয়।
• তবুও কোনও প্রস্তাব জমা না পড়ায় কমিশন বলেছে— “DEO–দের এই ব্যর্থতাকে আমরা অত্যন্ত গুরুতর ভাবে দেখছি।”
এ ব্যাপারে RP Act-এর (Representation of the People Acts জনপ্রতিনিধিত্ব আইন) ২৫ নম্বর ধারায় দেওয়া স্ট্যাটুটরি দায়িত্ব পালনে জেলা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য কমিশনের।
৩. পুরনো বুথ অনুযায়ীই ড্রাফ্ট রোল প্রকাশ
নতুন বুথ চিহ্নিত না হওয়ায় কমিশনের সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের সব বিধানসভা আসনে ড্রাফ্ট রোল প্রকাশ করা হবে আগের বুথ অনুযায়ী। SIR প্রক্রিয়া যেহেতু সময়-সীমার মধ্যে শেষ করতে হবে, তাই এখন নতুন করে পরিবর্তন আনা সম্ভব নয় বলেও জানানো হয়েছে চিঠিতে।
৪. ১৬ ডিসেম্বরের পরে নতুন সমীক্ষা বাধ্যতামূলক
এ ব্যাপারে কমিশন নতুন সময়সীমা দিয়েছে: ১৬ ডিসেম্বর, ২০২৫— ড্রাফ্ট রোল প্রকাশ হবে।তারপর DEO–রা বহুতল, হাউজিং সোসাইটি, গেটেড কলোনি, স্লাম— যেসব জায়গায় ২৫০টি বাড়ি বা ৫০০ ভোটার আছে, সেখানে সর্বনিম্ন তলায় ঘর খুঁজে বুথ বসানোর উপযুক্ততা খতিয়ে দেখবেন। স্লাম এলাকায় অতিরিক্ত বুথ তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখতে হবে।
৫. ৩১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা বাধ্যতামূলক
সব জেলা নির্বাচন আধিকারিককে নির্দেশ, ৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে নতুন বুথ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাব মুখ্য নির্বাচন দফতরের মাধ্যমে কমিশনে পাঠাতে হবে। তারপর কমিশন অনুমোদন দিলে চূড়ান্ত রোল প্রকাশের আগে প্রয়োজনীয় পুনর্বিন্যাস করা হবে।