বছরের শুরুতেই রাজনৈতিক সংঘর্ষে ফের অশান্ত ভাঙড় (Bhangar)। রবিবার সকালে মুখোমুখি হল তৃণমূলের দুই শিবির (TMC Clash)।

আবার তপ্ত ভাঙড়
শেষ আপডেট: 4 January 2026 13:30
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতেই রাজনৈতিক সংঘর্ষে ফের অশান্ত ভাঙড় (Bhangar)। রবিবার সকালে মুখোমুখি হল তৃণমূলের দুই শিবির (TMC Clash)। বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের (Arabul Islam) অনুগামীদের সঙ্গে স্থানীয় বিধায়ক শওকত মোল্লার (Showkat Molla) ঘনিষ্ঠদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, আরাবুলের ছেলে তথা দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাকিমুল ইসলামের গাড়িতে হামলা চালানো হয়। তাঁকে লক্ষ্য করে ওঠে ‘গদ্দার’ স্লোগান।
তৃণমূলের একাংশের দাবি, পরিকল্পিত ভাবেই শওকত মোল্লার অনুগামীরা হাকিমুলের (Hakimul) উপর চড়াও হন। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। যদিও শওকত মোল্লা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “দলে গদ্দারদের কোনও জায়গা নেই। সাধারণ মানুষ ওদের মানে না।”
ঘটনার সূত্রপাত শনিবার রাত থেকে। সেদিন বিকেলে ভাঙড়ের তৃণমূল নেতাদের একটি অংশ— হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ, ওদুদ মোল্লা-সহ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। অভিযোগ, সেখান থেকে ফেরার পর রাতেই পঞ্চায়েত সমিতির সদস্য ওদুদ মোল্লার কাঁঠালিয়ার বাড়িতে হামলা চালায় শওকত ঘনিষ্ঠরা এবং তাঁকে খুনের হুমকি দেওয়া হয়।
এই ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ওদুদের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান হাকিমুল ও কাইজাররা। সেখান থেকে বেরোনোর সময়ই হাকিমুলের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, শওকত অনুগামীরা হামলা চালান এবং ‘গদ্দার’ বলে স্লোগান দিতে থাকেন।
খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভকারীদের সরাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। শেষে পুলিশি তৎপরতায় হাকিমুলকে নিরাপদে এলাকা থেকে বার করে আনা হয়।
ঘটনার পরে হাকিমুল ইসলাম সরাসরি শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “রাতে ওদুদের বাড়িতে গিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে। আজ আমার উপর হামলা চালানো হল। শওকতের লোকজনের দাপটে গোটা এলাকা আতঙ্কে রয়েছে। পুলিশ যেন কড়া ব্যবস্থা নেয়।”
অন্যদিকে, শওকত মোল্লার পালটা বক্তব্য, “যারা নিজেরাই ঝামেলা পাকায়, তারাই অন্যের নামে দোষ চাপাচ্ছে। এরা দলে বিশ্বাসঘাতক।” অশান্তি ঠেকাতে এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভাঙড়ে এই রাজনৈতিক উত্তেজনা ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও।