
শেষ আপডেট: 15 February 2024 22:17
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপালের নিয়োগ খারিজ করা যায় না, রাজ্যপালের নিয়োগ নিয়ে প্রশ্নও তোলা যায় না। বৃহস্পতিবার রাজ্যের একটি নিয়োগ মামলায় ভারতীয় সংবিধানের ১৬৩(২) ধারা তুলে ধরে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।
একই সঙ্গে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বাতিল করে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের নিয়োগের সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছে আদালত।
আদালত সূত্রে জানা গেছে, বাংলার রাজ্যপাল থাকাকালীন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন স্বয়ংক্রিয় সাংস্কৃতিক সংস্থা ইস্টার্ন জ়োনাল কালচারাল সেন্টারের (ইজ়েডসিসি) ডিরেক্টর পদে আশিস গিরি নামে এক ব্যক্তিকে নিয়োগ করেছিলেন ধনখড়। পদাধিকার বলে এই সংস্থার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে থাকেন রাজ্যপাল।
নিয়োগের প্রক্রিয়া ত্রুটি রয়েছে, অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে। ওই মামলায় রাজ্যপালের নিয়োগ খারিজ করে দিয়েছিলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি।
বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করে মামলা গড়ায় হাইকোর্টোের ডিভিশন বেঞ্চে। সওয়াল জবাবের পর বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে রাজ্যের প্রাক্তন রাজ্যপালের সিদ্ধান্তকেই বহাল রাখার নির্দেশ দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ভিএম ভেলুমানির ডিভিশন বেঞ্চ।