
শেষ আপডেট: 21 June 2024 18:19
দ্য ওয়াল ব্যুরো: ঠাকুরপুকুরে স্কুল বাসের ধাক্কায় গুরুতর জখম হল এক ছাত্র। বিবেকানন্দ মিশনের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের নাম স্নেহাল মধু।আশঙ্কাজনক অবস্থায় ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
গত বছরের ৪ অগস্ট বেহালায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের। স্কুলে যাওয়ার সময় বাবার সঙ্গে রাস্তা পেরোনোর সময় দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়াকে ধাক্কা মারে পুরসভার একটি মাটিবোঝাই লরি। ঘটনার পর রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় বেহালা চৌরাস্তায়। মর্মান্তিক এই দুর্ঘটনার পরে বাচ্চাটির মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ চলে ডায়মন্ডহারবার রোডে। উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর চালায়, আগুন লাগিয়ে দেয় পুলিশের ভ্যানেও।
সেই ঘটনার স্মৃতি এখনও ফিকে হয়নি। তার মধ্যেই আবার ঠাকুরপুকুরে স্কুল বাসের ধাক্কায় গুরুতর জখম হল ক্লাস টুয়েলভের ছাত্র ও তার বাবা। ইএসআই হাসপাতালে নিয়ে গেলে ওই ছাত্রের অস্ত্রোপচার করা হয়। তবে তার বাবার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। তিনিও ওই হাসপাতালে ভর্তি। ঠাকুরপুকুরের মতোই জোকাতেও দুর্ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকার মানুষ জানান, জোকার দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি বাইকে ধাক্কা মারে। বাইকে ছিলেন ওই ছাত্র ও তার বাবা। বাসের ধাক্কায় তাঁরা ছিটকে পড়ে যান।
স্থানীয় মানুষজন তাঁদের উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে যায়। স্কুল ছাত্রের অবস্থা সঙ্কটজনক বলে ইএসআই হাসপাতালসূত্রে জানা গেছে। বাসচালককে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।