
শেষ আপডেট: 11 March 2024 19:12
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দেশজুড়ে সিএএ আইন কার্যকরী করার খবর পেয়েই আনন্দে মাতলেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মতুয়া সম্প্রদায়ের মানুষ। সোমবারেই কার্যকর হবে সিএএ, এই খবর রটতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। এদিন সন্ধ্যা ছ'টা থেকে নাগরিকত্ব সংশোধন আইন কার্যকরী হতেই উৎসবের আবহ ঠাকুরনগরে।
সিএএ লাগু হতেই ঠাকুরবাড়িতে উৎসব। ঢাক ঢোল পিটিয়ে শুভেচ্ছা বিনিময় মতুয়াদের#TheWallBangla #WestBengla #Matua #CAA #India pic.twitter.com/eM0p2eKhSI
— The Wall (@TheWallTweets) March 11, 2024
ঢাক-ঢোল নিয়ে বেড়িয়ে পড়েন এলাকার মানুষ। স্লোগান তোলেন, এদিনই প্রকৃত স্বাধীনতা দিবস। পুরুষ-মহিলা নির্বিশেষে সবাই যোগ দেন উৎসবে। ২০১৯ সালের ১২ জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। লোকসভা ও রাজ্যসভার উভয়কক্ষে। এরপরেই শুরু হয় নানা টানাপড়েন। অবশেষে আইন পাশ হওয়ার দীর্ঘ 8 বছর পর সেই আইন কার্যকরী হল।
২০১৯ সালে পাশ হওয়া এই আইনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় কারণে নির্যাতিত সংখ্যালঘুরা ভারতে নাগরিকত্ব পাবেন। আপাতত ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া এই সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিন পনেরো আগেই ঘোষণা করেছিলেন, নির্বাচনের আগে সিএএ কার্যকর হবে দেশে। আগামী এক সপ্তাহের মধ্যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যেতে পারে। তার আগে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয়ে গেল দেশজুড়ে। ঠাকুরনগরে উৎসবের মেজাজ হলেও এই আইন নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়ে গেছে রাজ্যের নানা প্রান্তে।