শেষ আপডেট: 24 November 2020 07:41
তবে এভাবে বেশিদিন চলতে পারে না। বাগানে, রাস্তাঘাটে যত্রতত্র পড়ে থাকা ময়লা পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছে সাফাইকর্মীরা। আর তাই এক অভিনব উদ্যোগ নিয়েছেন থাইল্যান্ডের পরিবেশ মন্ত্রী ভারায়ুত শিল্পা-আর্চা । যারা পথেঘাটে ময়লা ফেলছে, তাদের বাড়িতে সেগুলোই উপহার হিসেবে পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। ফেসবুকে একটি পোস্ট করে তিনি বলেন, "আপনাদের ময়লা, আপনাদের কাছেই পাঠিয়ে দেব আমরা।"।
থাইল্যান্ডের খাও ইয়াই জাতীয় উদ্যানের কর্তৃপক্ষরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সেই কাজ। ঘন সবুজ জঙ্গলের টানে এখানে প্রতিবছরই মানুষের ভিড় জমে। আবার যাঁরা বন্যপ্রাণ পছন্দ করেন তাঁরাও ঘুরতে আসেন। তবে পর্যটকরা এসেই চিপসের প্যাকেট, কোল্ডড্রিংকের বোতল, প্লাস্টিক যত্রতত্র ফেলে চলে যান। এর ফলে প্রকৃতি ও বন্যপ্রাণীদের কত বড় ক্ষতি হচ্ছে, সেটা তারা নিজেরাও জানেন না। তাই এমন উদ্যোগ নিতে বাধ্য হয়েছে সেই উদ্যানের কর্তৃপক্ষ।
লকডাউন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে এখন বহুদেশে। মানুষ বেড়িয়েও পড়েছেন এই সুযোগে। আনন্দ উপভোগ করতে আপনি প্রকৃতির বুকে বেড়াতে আসতেই পারেন। কিন্তু অন্যের ক্ষতি কেন করবেন? দাবি পরিবেশ মন্ত্রীর। তিনি আরও জানিয়েছেন চারপাশে ময়লা ফেলে নোংরা করাটা শাস্তিযোগ্য অপরাধ। এমনটা করলে পাঁচ বছরের জেল পর্যন্ত হতে পারে। নিঃসন্দেহে থাইল্যান্ডের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেছেন পরিবেশ-প্রেমীরা।