আগামী ২–৩ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস। ফলে খুব শীঘ্র এই অঞ্চল থেকে শীত বিদায় নিতে পারে।
.jpeg.webp)
আবহাওয়া (ফাইল ছবি)
শেষ আপডেট: 19 January 2026 10:55
দ্য ওয়াল ব্যুরো: শীতপ্রেমীদের জন্য খবরটা খুব একটা সুখের নয়। রাজ্যজুড়ে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আগামী কয়েকদিনে আরও বাড়বে বলে জানাল আবহাওয়া দফতর (IMD)। বুধবারের মধ্যেই পারদ ২–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। তাপমাত্রার নিরিখে এটা কম হলেও কনকনে ঠান্ডা কিন্তু আর তেমন পাওয়া যাবে না।
এ বছর ২৩ জানুয়ারি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র জন্মদিনেই পড়েছে সরস্বতী পুজো (Saraswati Puja)। স্কুল পড়ুয়া থেকে কলেজ, চাকরিজীবী থেকে বয়স্ক, উন্মাদনার কিন্তু শেষ নেই। কোথাও প্যান্ডেল খাটিয়ে প্রস্তুতি তুঙ্গে। কোথাও ঠাকুরও এসে গিয়েছে। এই পরিস্থিতিতে সকলেরই কৌতুহল রয়েছে ওই দিনের আবহাওয়া নিয়ে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়াদের কাছে এটা বাঙালি ভ্যালেন্টাইনস ডে হওয়ায় সাজগোজের জন্য এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ।
আলিপুর জানাচ্ছে, সরস্বতী পুজোয় পুজোর সময় বিশেষ শীতের আমেজ থাকবে না। আগামীকালের পর থেকেই তাপমাত্রা বাড়বে। ফলে এ বছর সরস্বতী পুজোয় শীত উপভোগের সুযোগ খুবই কম।
আবহাওয়াবিদদের ব্যাখ্যা, পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া দুর্বল হচ্ছে। তার জেরেই শীত বিদায়ের পথে। কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই দিনে দিনে গরম বাড়বে। পুরোপুরি শীত বিদায় নিতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে।
তবে ছবিটা রাজ্যের সর্বত্র কিন্তু একরকম নয়। উত্তরবঙ্গে (North Bengal) এখনও ভাল ঠান্ডা রয়েছে। দার্জিলিংয়ের (Darjeeling) পাহাড়ি এলাকায় শীতের দাপট থাকলেও ডুয়ার্স (Dooars) এবং সমতলে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
শীত কমলেও ভোর এবং সকালে কুয়াশার দাপট বজায় থাকবে। তাই রাস্তায় বেরোলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস (IMD)।