দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা, শীতের ছন্দপতন। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহজুড়ে হালকা গরম থাকবে। কুয়াশা বাড়তে পারে কলকাতা-সহ জেলাগুলিতে।

আবহাওয়া (ফাইল ছবি)
শেষ আপডেট: 17 November 2025 12:44
দ্য ওয়াল ব্যুরো: শীতবিলাসীদের মন খারাপ করার মতো পরিস্থিতি তৈরি হল দক্ষিণবঙ্গে। সোমবার সকালেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূবালি বাতাস ঢুকতে শুরু করায় এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমি শীতল হাওয়ার দাপট কমেছে।
আগামী কয়েকদিন, অন্তত এই সপ্তাহে একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসের গতিপ্রকৃতি পাল্টেছে। শীতের মূল বাহক উত্তর-পশ্চিম দিকের হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। তার বদলে বইছে পূবালি বাতাস, যা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আনছে দক্ষিণবঙ্গে। এর জেরে সোমবার থেকেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে।
কলকাতায় গত কয়েকদিন ধরে শীতের মনোরম আমেজ ছিল। ভোর-সকালে ঠান্ডার ছোঁয়া এবং দিনভর আরামদায়ক আবহাওয়া শহরবাসীকে শীতের আগমনী ইঙ্গিত দিয়েছিল। তবে সোমবার থেকেই সেই ছন্দপতন। আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবারের মধ্যেই কলকাতার রাতের তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।
জেলাগুলিতেও একই চিত্র। দক্ষিণবঙ্গের বহু জেলায় ভোরের দিকে ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে। দৃষ্টিসীমা কমে আসতে পারে। বেলা বাড়লে সামান্য উষ্ণতা ও আর্দ্রতা মিলিয়ে অস্বস্তি বাড়াবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। পাহাড়ি এলাকায় সকালের দিকে কুয়াশার দাপট বাড়বে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদদের মতে, এই তাপমাত্রা বৃদ্ধি সাময়িক। সপ্তাহান্তে ফের শীতের হাওয়ার দাপট বাড়তে পারে। ফলে আবারও দক্ষিণবঙ্গে নামতে পারে পারদ, ফিরে আসবে শীতের অনুভূতি। তবে আপাতত শীতের সূচনা একটু থমকে গেল বলেই মনে করা হচ্ছে।