
Biman Bandopadhayay and Tapas Roy
শেষ আপডেট: 7 March 2024 14:20
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাপস রায়। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে নতুন করে অ্যাপ্লিকেশন জমা দিতে বলেছিলেন। জানিয়েছিলেন, তাঁর ইস্তফাপত্রে পদ্ধতিগত ত্রুটি ছিল। বৃহস্পতিবার সেই কাজ সম্পন্ন হল। বিধানসভায় গৃহীত হয়েছে তাপস রায়ের পদত্যাগপত্র।
বুধবারই বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। ঠিক তার পরের দিন বিধানসভায় ইস্তফাপত্র দিতে এসে কিছুটা আবেগপ্রবণ দেখায় তাঁকে। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ভারাক্রান্ত হয়ে বিধানসভার অধ্যক্ষ সম্পর্কে তাপস বলেন, ''১৯৮৫ সালে একসঙ্গে কাউন্সিলর ছিলাম আমরা। দীর্ঘদিনের সম্পর্ক। আজ চা খেয়েছি।'' তাঁর বুধবারের ইস্তফাপত্রে কী ভুল ছিল সে সম্পর্কেও জানান তিনি। বলেন, হাতে লিখে ইস্তফাপত্র জমা দিতে হত। তিনি টাইপ করে দিয়েছিলেন।
তাপস রায়ের তৃণমূল ছেড়ে যাওয়া নিয়ে কার্যত হতাশ বিমান বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, ''দীর্ঘদিনের সঙ্গী তাপস নেই, একটু তো খারাপ লাগবেই। অনেকেই ছিল, যারা এখন চলে গেছে।'' তবে বিমান এটাও স্পষ্ট করেছেন, আসা-যাওয়া গতানুগতিক নিয়ম। সেটা মেনেই কাজ করতে হবে। কে রইলেন, কে চলে গেলেন সেটা বড় ব্যাপার নয়।
একরাশ অভিমান নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়েছেন তাপস রায়। সংবাদমাধ্যমে সরাসরি তিনি জানিয়েছিলেন, তৃণমূলকে আর তিনি নিজের দল হিসেবে ভাবতে পারেন না। বুধবার বিকেলে বিজেপিতে যোগ দিয়ে তিনি ঘোষণা করেন, তিনি এখন থেকে বিজেপি এবং মোদী পরিবারের সদস্য। যতদিন রাজনীতিতে থাকবেন, এই পরিবারের সদস্য হিসেবে নিজের দায়িত্ব পালনে কোনও খামতি রাখবেন না। আনুগত্যে থাকবে না কোনও ফাঁক।