
শেষ আপডেট: 1 September 2023 08:06
দ্য ওয়াল ব্যুরো: মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে মুম্বই বিমানবন্দরে নামতেই অভিনেতা বিজয় বর্মাকে (Vijay Varma) ছেঁকে ধরেছিলেন চিত্র সাংবাদিকরা। তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) আর তিনি আলাদা গেট দিয়ে বেরলেও সাংবাদিকদের এড়িয়ে যেতে পারেননি। এই সময়েই একজন বিজয়কে জিজ্ঞাসা করে বসেন যে, মালদ্বীপে তামান্না ভাটিয়ার সঙ্গে কেমন মজা করলেন? এরপরই রেগে গিয়ে সেই পাপারাৎজিকে ‘সবক’ শেখান অভিনেতা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তাঁর বান্ধবী তামান্না ভাটিয়াও। অভিনেত্রী বললেন, ‘মানুষ এক একসময় এমন কথা বলেন, যা আমাদের কষ্ট দেয়।’
তামান্না বলেন, ‘কখনও সখনও কাছের মানুষরাও এমন কথা বলেন, যা শুনে অবাক হয়ে যাই। ওঁরা বোঝেন না যে এইধরনের প্রশ্ন আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার সামিল। আমাদের শুনলে কষ্ট হয়। খারাপ লাগে। কিন্তু সেই খারাপ লাগা সাময়িক। দিনের শেষে কিন্তু আমরা নিজেরা নিজেদের নিয়ে কী ভাবছি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।’ অভিনেতারা যে বেশি আবেগপ্রবণ, তাঁদের যে অল্প কথাতেও সহজেই খারাপ লাগতে পারে, এটাই অনেক মানুষ বোঝেন না বলে জানান তামান্না।
আর এবার সম্প্রতি তামান্নার সঙ্গে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন বিজয়। নীল সমুদ্রের তিরে একান্তে সময় কাটিয়েছেন দু’জনে। আর তারপর মুম্বই ফিরতেই বিমানবন্দরে বিজয়কে কাছে পেয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, 'তামান্নার সঙ্গে দারুণ মজা করেছেন নিশ্চয়ই!' এই প্রশ্ন শুনে রীতিমতো খেপে যান বিজয়। তিনি স্পষ্ট করে ওই সাংবাদিককে বললেন, ‘আপনি এভাবে কথা বলতে পারেন না। তারকাদের ব্যক্তিগত জীবন রয়েছে। এখান থেকে দূরে সরুন!’
ক্যামেরার সামনে প্রথম বিজয়কেই চুমু! কেন ১৮ বছরের ‘নো কিস পলিসি’ ভাঙলেন তামান্না?