
শেষ আপডেট: 9 September 2022 15:03
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই টালা ব্রিজ চালু করার জন্য যুদ্ধকালীন প্রস্তুতি চলছে। অধীর অপেক্ষায় রয়েছেন উত্তর কলকাতা ও উত্তর শহরতলির বাসিন্দারা। রাজ্য সরকারের তরফে ইঙ্গিত, মহালয়ার আগেই খুলে যেতে পারে নতুনভাবে তৈরি টালা ব্রিজ (Tala Bridge)। তবে এখনও বাকি রয়েছে একটি কাজ।
সেতু তৈরির পর তা চূড়ান্তভাবে খতিয়ে দেখা নিয়মর মধ্যে পড়ে। পূর্ত দফতর সূত্রে খবর, এজন্য প্রস্তুতকারক সংস্থা দ্বারস্থ হয়েছে আইআইটি খড়গপুরের। ইতিমধ্যেই আইআইটি–র বিশেষজ্ঞদের চিঠি পাঠানো হয়েছে। মূলত সেতুর (Tala Bridge) ভার নেওয়ার ক্ষমতা যাচাই করবেন তাঁরা। তারপর গাড়ি ও বাইকের জন্য সেতু খোলা হবে। সুতরাং, প্রথমেই বাস, লরি বা অন্য যান ঢোকার অনুমতি দেওয়া হবে না।।
শুক্রবার রাতে পূর্তমন্ত্রী পুলক রায় দ্য ওয়াল–কে বলেছেন, ‘মূল কাজ শেষ হয়েছে। তবে এখনও কিছু কাজ চলছে। পুজোর আগেই উদ্বোধন হবে। উদ্বোধনের দিন ঠিক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
কিছুদিন আগেই শেষ হয়েছে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি এই ব্রিজ তৈরির কাজ। এবার আইআইটি–র বিশেষজ্ঞদের তরফে সবুজ সংকেত মিললেই ফের চালু হয়ে যাবে টালা ব্রিজ। পুজোর মুখে উত্তর কলকাতার মানুষ উপকৃত হবেন।
হাওড়ার বেলগাছিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! লরির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর