
শেষ আপডেট: 29 June 2023 18:54
দ্য ওয়াল ব্যুরো: পর্বতারোহীরা অসম সাহসী হন। তাঁরা কখনও পিছু ফিরে দেখেন না। তাঁদের সিলেবাসে রয়েছে একটাই শব্দ, কোনওকিছুই অসম্ভব নয়। তাঁদের দৃপ্ত পদচারণা বাকিদের প্রেরণা জোগায়।
পিয়ালি বসাক যেমন, চন্দননগরের বীর-কন্যা। এভারেস্ট জয়ী এই তারকা আরোহী মাকালু শৃঙ্গ জয় করে সম্প্রতি এসেছেন। বিশ্বের মোট দশটি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে ছয়টিতে তিনি সফল আরোহন করেছেন।
সারা বিশ্বের কাছে তিনি এক দৃষ্টান্ত। আরোহিদের একটাই নেশা, আরও উঁচু, আকাশ ধরার স্বপ্ন থাকে। পিয়ালিকে নিয়ে একটি মিউজিক অ্যালবাম প্রকাশ করেছেন প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়। তিনি গান করেন, সুরও দেন। সঙ্গে থাকেন স্ত্রী কাকলি। অ্যালবামের নাম অপরাজিতা।

পিয়ালির ছোট থেকে বড় হওয়া। তাঁর স্বপ্নের শুরু। তাঁর জীবন যুদ্ধ। তাঁর লৌহকঠিন মানসিকতা, তাঁর জীবন যুদ্ধে টিকে থাকা সবটাই রয়েছে এই গানে ও কবিতায়। আবৃতি পাঠে রয়েছেন ঈশিতা দাস অধিকারী।
সম্প্রতি পিয়ালির চন্দননগরের বাড়িতে তাঁর হাতে মিউজিক অ্যালবাম তুলে দিয়ে এসেছেন ভুবন ও তাঁর স্ত্রী। পিয়ালি জানিয়েছেন, তিনি খুশি এই ধরনের সম্মানে। তাঁকে নিয়ে গান হয়েছে, তিনি মনে করছেন, এতে সামনের দিনগুলিতে দায়িত্ব আরও বেড়ে গেল। ভুবন বলেছেন, পিয়ালির মতো সাহসী ও কৃতি মেয়ে যেন বাংলার ঘরে ঘরে জন্মায়।