
শেষ আপডেট: 4 November 2022 07:58
দ্য ওয়াল ব্যুরো: চলতি টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) প্রথম হ্যাটট্রিক হল নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচে (NZ vs IRE)। এর আগে একাধিক বোলার এই সুযোগ পেলেও শেষ পর্যন্ত তা হয়নি। এদিন টস জিতে ফিল্ডিং নেয় আয়ারল্যান্ড। ম্যাচের ১৯ তম ওভারে এই নজির গড়েন জসুয়া লিটল। এক ওভারে পরপর তুলে নেন কেন উইলিয়ামসন, জিমি নিশান ও মিচেল স্যান্টানারকে। যদিও লিটলের এই কীর্তির দিনে ম্যাচ জিতে ফিরতে পারল না আয়ারল্যান্ড। ৩৫ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়া একপ্রকার নিশ্চিত করে ফেলল নিউজিল্যান্ড।
এদিন প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে তোলে ১৮৫ রান। অধিনায়ক কেন উইলিয়ামসনের ৬১ রানের ইনিংস নিউজিল্যান্ডকে বড় রানে পৌঁছে দেয়। শুধু উইলিয়ামসন নন, এদিনের ম্যাচে রান পেয়েছেন ফিন অ্যালেন (৩২), ডেভন কনওয়ে (২৮), ডারিল মিচেল (৩১)।
বল হাতে এদিন নজর কেড়েছেন আইরিশ তারকা লিটল। প্রথম থেকে উইকেট না পেলেও শেষ ওভারে বাজিমাত করেন তিনি। শেষ ওভারে তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে নিউজিল্যান্ড ২০০ পার করতে পারে না। লিটল ছাড়াও এদিন উইকেট পেয়েছেন গ্যারেথ ডেলানি। তিনি নেন দু'উইকেট।
নিউজিল্যান্ডের ১৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্ট্রিলিং ও অ্যান্ড্রু বালবির্নি। তবে এই জুটি ভাঙার পরেই নিউজিল্যান্ডের বোলারদের সামনে ধসে পড়ে আইরিশ ব্যাটিং লাইনআপ। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ১৫০। বল হাতে সফল লকি ফারগুসন। নেন তিন উইকেট। মিচেল সাউথি, মিচেল স্যান্টানার ও ইস সোধি দুটি করে উইকেট পান।
প্রোটিয়াদের হারিয়ে লড়াইয়ে টিকে থাকল পাকিস্তান, জমে গেল গ্রুপের অঙ্ক