
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 29 April 2025 18:17
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। একই দিনে কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হিন্দু ধর্মসভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
মঙ্গলবার দুপুরে বিরোধী দলনেতাকে শর্ত সাপেক্ষে এই অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপরই সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করল রাজ্য। সন্ধে সাতটা নাগাদ মামলার শুনানির সম্ভাবনা।
আদালত সূত্রের খবর, সিঙ্গল বেঞ্চের মৌখিক নির্দেশকে হাতিয়ার করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। রাজ্যের এডভোকেট জেনারেল ডিভিশন বেঞ্চে জানান, তারা ওই রায় চ্যালেঞ্জ করছেন। দ্রুত মামলার শুনানি চান।
ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চের লিখিত অর্ডার আপলোড না হওয়া পর্যন্ত মামলা শোনা হবে না। ফলে শুনানি হতে সন্ধে সাতটা বাজতে পারে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।
৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই দিনই কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চেয়েছিল সনাতনী মঞ্চ। তবে একই দিনে কাঁথির এই সভা নিয়ে আগে প্রশ্ন তুলেছিল পুলিশ। এরপরই আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শর্ত সাপেক্ষে অনুমতিও দিয়েছে সিঙ্গল বেঞ্চ। রাজ্যের তরফে ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে। ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয়, আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।