.jpeg)
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 16 April 2025 11:59
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ ইস্যুতে (Waqf Bill) সম্প্রতি হিংসার পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদে (Murshidabad)। ঘরবাড়ি লুটপাটের পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে। ওই ঘটনায় বুধবার একাধিক মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)
মুর্শিদাবাদের অশান্ত এলাকায় যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার বিকেলে শুনানির সম্ভাবনা।
অন্যদিকেএনআইএ (NIA)তদন্ত চেয়ে বুধবার হাইকোর্টে মামলা দায়ের করেছে আক্রান্তদের একাংশও। মুর্শিদাবাদের ঘটনায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপ চেয়ে আদালতে মামলা দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদও। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত।
বিরোধী দলনেতার অভিযোগ, গত ১৩ এপ্রিল পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও পুলিশ অনুমতি দেয়নি। আদালতে শুভেন্দুর আইনজীবী বলেন, "পুলিশ অন্য রাজনৈতিক দলের নেতাদের হিংসা এলাকায় যেতে অনুমতি দিচ্ছে। কিন্তু বিজেপির ক্ষেত্রেই পুলিশের যত আপত্তি।" এরপরই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি।
সম্প্রতি মুর্শিদাবাদের হিংসার ঘটনায় তিনজনের মৃত্যু, বহু ঘর বাড়ি এবং সরকারি অফিসে ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। এক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার জেরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ। তাই এনআইএ কে দিয়ে গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন আক্রান্তদের একাংশ। তাঁদের অভিযোগ, পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এখনও বহু মানুষ ঘরছাড়া।
বস্তুত, মুর্শিদাবাদের পরিস্থিতির জন্য পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ওড়িশার 'প্রকাশ কলিঙ্গ রাইটস্ ফোরাম' নামে একটি মানবাধিকার সংগঠনের তরফে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো হয়েছে। যার জেরে চলতি সপ্তাহে মুর্শিদাবাদে আসছেন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। এমন পরিস্থিতিতে এবার মামলা দায়ের হল হাইকোর্টেও।