
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 21 April 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই দিনই কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু পুলিশের অনুমোদন মিলছে না বলে এবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ বিরোধী দলনেতা। মামলা দায়েরের অনুমোদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আজই শুনানির সম্ভাবনা রয়েছে।
অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় তৈরি জগন্নাথ মন্দিরের। উদ্বোধনের কর্মসূচিকে রাজ্য তো বটেই, জাতীয় এমনকি, আন্তর্জাতিক স্তরেও 'মেগা ইভেন্ট'-এর রূপ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিন কয়েক আগে নবান্ন সভাঘরে সেই সংক্রান্ত প্রস্তুতি বৈঠকে রাজ্যের প্রশাসনিক প্রধান বেশ কিছু নির্দেশও দেন। আগেই ঠিক ছিল, মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ৩০ এপ্রিল। ২৯ তারিখ হবে যজ্ঞের অনুষ্ঠান।
ঘটনা হল, ওই হাই ভোল্টেজ দিনেই কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চান শুভেন্দু অধিকারী। কিন্তু তাতেই মিলছে না পুলিশি অনুমোদন। তাই একপ্রকার বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী।
পুলিশ প্রশাসনের দাবি, যেহেতু সেই দিনই দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন রয়েছে, তাই একই দিনে যদি সনাতনী হিন্দুদের মিছিলের জন্য অনুমতি দেওয়া হয় তাহলে নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আর সেই নিয়েই এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা।