সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ করেছেন, শাসক তৃণমূল কংগ্রেসের নির্দেশে কাজ করছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং পরিকল্পিত ভাবেই গণতান্ত্রিক ও আইনসম্মত একটি প্রক্রিয়াকে অপরাধে পরিণত করা হচ্ছে।
.jpeg.webp)
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 19 January 2026 23:34
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়া ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। ফর্ম-৭ (Form 7) ফিলআপ করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার একটি মামলায় এক পঞ্চায়েত প্রতিনিধিকে গ্রেফতারের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ করেছেন, শাসক তৃণমূল কংগ্রেসের (TMC) নির্দেশে কাজ করছে পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police) এবং পরিকল্পিত ভাবেই গণতান্ত্রিক ও আইনসম্মত একটি প্রক্রিয়াকে অপরাধে পরিণত করা হচ্ছে।
শুভেন্দু অধিকারীর দাবি, তমলুক থানার মামলা নম্বর ৩৭/২৬-এ গ্রেফতার হওয়া অমিত মণ্ডল একজন নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি (Panchayet Member)। তাঁর বিরুদ্ধে অভিযোগ একটাই - তিনি এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে ফর্ম ৭ জমা দিয়েছেন। বিরোধী দলনেতার বক্তব্য, ফর্ম ৭ দাখিল করা নির্বাচন কমিশনের (ECI) নির্ধারিত একটি সম্পূর্ণ বৈধ ও বাধ্যতামূলক প্রক্রিয়া। সেই কাজের জন্য কাউকে গ্রেফতার করা শুধু ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত নয়, বরং গণতন্ত্র এবং নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতাকেও প্রকাশ্যে উপহাস করা।
শুভেন্দু তাঁর পোস্টে আরও অভিযোগ করেন, অমিত মণ্ডলের বিরুদ্ধে যে সব ধারা দেওয়া হয়েছে, সেগুলি চরম দমনমূলক। তাঁর দাবি, রাষ্ট্রদ্রোহের (Anti-National) সমতুল্য ধারাও প্রয়োগ করা হয়েছে, যা স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসার পরিচয়। ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর একাধিক গুরুতর ধারা - যেমন দেশের সার্বভৌমত্ব ও জাতীয় সংহতির ক্ষতির অভিযোগ, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, ষড়যন্ত্র, ভুয়ো তথ্য দেওয়ার মতো ধারার পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর অধীনেও অভিযোগ আনা হয়েছে।
বিরোধী দলনেতার বক্তব্য, “পশ্চিমবঙ্গ পুলিশ (WBP) এখন আর স্বাধীন সংস্থা নয়। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে নাচছে।” তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলা এসআইআর প্রক্রিয়াকে ভেস্তে দিতেই এই ধরনের গ্রেফতার ও মামলা করা হচ্ছে। তিনি একে রাজ্যে ‘পুলিশ স্টেট’ কায়েম করার প্রচেষ্টা বলেও কটাক্ষ করেন।
How on earth can the West Bengal Police, acting at the behest of the TMC regime, arrest an innocent citizen and Elected Representative (Panchayat) like Amit Mondal by filing a Case (Tamluk PS Case No. 37/26) against him for simply filing Form 7; which is an absolutely integral…
— Suvendu Adhikari (@SuvenduWB) January 19, 2026
শুভেন্দু অধিকারী সরাসরি নির্বাচন কমিশনের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন - এই পরিস্থিতিতে কমিশন কবে হস্তক্ষেপ করবে? তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে সাংবিধানিক ভাবে নির্ধারিত এসআইআর প্রক্রিয়া যখন কার্যত পুলিশের মাধ্যমে বাধাগ্রস্ত হচ্ছে, তখন নীরব দর্শকের ভূমিকা নেওয়া কমিশনের পক্ষে সম্ভব নয়।
এসআইআর ঘিরে এমনিতেই রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক চলছে। সাধারণ মানুষের হয়রানির অভিযোগ, প্রশাসনিক চাপ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের মাঝেই এই গ্রেফতার নতুন করে উত্তেজনা বাড়াল। এখন দেখার, নির্বাচন কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে কী অবস্থান নেয় এবং প্রশাসনিক স্তরে কোনও হস্তক্ষেপ করে কি না।