এবার অপরাজিতা বিল ফেরত পাঠানো নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, তাড়াহুড়োর কারণেই এই বিল ফেরত পাঠানো হয়েছে।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 26 July 2025 14:09
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারই ‘অপরাজিতা বিল’ (Aparajita Bill) ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। বিধানসভায় গত বছর এই বিল পাশ হওয়ার পর তা রাজভবনে পাঠানো হয়। রাজভবন সূত্রে জানা যায়, প্রস্তাবে আপত্তি রয়েছে কেন্দ্রের। তাছাড়াও প্রস্তাবিত শাস্তিকে নিষ্ঠুর ও সামঞ্জস্যহীনও বলা হয়েছে। যা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। কুণাল ঘোষ লিখেছেন ধর্ষণ-খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে আপত্তি করা হল? এটা সত্যি হলে তীব্র প্রতিবাদ রইল। এবার অপরাজিতা বিল ফেরত পাঠানো নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, তাড়াহুড়োর কারণেই এই বিল ফেরত পাঠানো হয়েছে।
শনিবার শুভেন্দু জানান "বিধানসভায় আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম বিলের আমরা সম্পূর্ণ সমর্থন করছি। কিন্তু আপনি তাড়াহুড়ো করবেন না। টেকনিক্যালি বিলটাতে লিগ্যাল ডিপার্টমেন্ট ভুল করছে। মলয় ঘটকরা হচ্ছেন সরীসৃপ জাতীয় প্রাণী। তাঁদের মেরুদণ্ড নেই। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। স্বাভাবিকভাবেই ভুল ব্যাখ্যায় বিল উনি অনুমোদন করিয়েছেন বিধানসভা থেকে। তখনই মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, পাশ করানোর দায়িত্ব আপনার। কারণ তাড়াহুড়ো করে টেকনিক্যালি ভুল বিল আপনি পাশ করিয়েছেন। তাহলে মালের দায়িত্ব তো আরোহীকেই নিতে হবে।"
গত বছরের অগস্টে আরজি কর হাসপাতালে যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ করে খুনের ঘটনা রুখতে কড়া আইন আনা হবে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন বসে বিধানসভায়। সেই অধিবেশনেই পাশ হয়ে যায় ‘অপরাজিতা বিল ২০২৪’। তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবন থেকে রাজভবনের কাছে সংশ্লিষ্ট বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে।