‘অপরাজিতা বিল’ (Aparajita Bill) ফেরত পাঠিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। বিধানসভায় গত বছর এই বিল পাশ হওয়ার পর তা রাজভবনে পাঠানো হয়।

শেষ আপডেট: 25 July 2025 18:53
দ্য ওয়াল ব্যুরো: ‘অপরাজিতা বিল’ (Aparajita Bill) ফেরত পাঠিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। বিধানসভায় গত বছর এই বিল পাশ হওয়ার পর তা রাজভবনে পাঠানো হয়। সেই বিলে রাজ্যপাল সই করলেন না। রাজভবন সূত্রে খবর, প্রস্তাবে আপত্তি রয়েছে কেন্দ্রের। তাছাড়াও প্রস্তাবিত শাস্তিকে নিষ্ঠুর ও সামঞ্জস্যহীন মনে করছে কেন্দ্র।
গত বছরের অগস্টে আরজি কর হাসপাতালে যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ করে খুনের ঘটনা রুখতে কড়া আইন আনা হবে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন বসে বিধানসভায়। সেই অধিবেশনেই পাশ হয়ে যায় ‘অপরাজিতা বিল ২০২৪’। তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে।
সূত্রের খবর, রাজভবন ‘অপরাজিতা বিল’ নিয়ে নবান্নের থেকে কয়েকটি বিষয় জানতে চেয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে রাজভবনের কাছে সংশ্লিষ্ট বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বিল ফেরত পাঠানোর পরই সরব হয়েছে তৃণমূল। কুণাল ঘোষ লিখেছেন ধর্ষণ-খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে আপত্তি করা হল? এটা সত্যি হলে তীব্র প্রতিবাদ রইল।