
শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 24 October 2024 22:11
দ্য ওয়াল ব্যুরো: আসছে 'দানা'। ঘূর্ণিঝড়কে নিয়ে এই মুহূর্তে আতঙ্কে বঙ্গবাসী। এই ঝড়ের ল্যান্ডফল হওয়ার কথা ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে। ল্যান্ডফলের প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। অর্থাৎ দুই মেদিনীপুর সহ দুই ২৪ পরগনা সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই প্রেক্ষিতে নিজের এলাকায় অনেক আগে থেকেই নজরদারি চালাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির নতুন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেলায় পৌঁছতেই পারেননি।
শুধু একা শুভেন্দু অধিকারী নন। এলাকায় ঘুরে ঘুরে পরিদর্শন করছেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীও। ঝড় নিয়ে এমনিতেই আতঙ্ক রয়েছে সকলের মনে। তাই আগে থেকে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখতেই নিজের এলাকা কার্যত আঁকড়ে ধরে আছেন শুভেন্দু অধিকারীরা। কিন্তু এই দুর্যোগের সময়ে কেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এলাকায় নেই, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন দিল্লিতে। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে তিনি সেখানে গেছিলেন। এখনও ফেরেননি। ঠিক এই জায়গাতেই রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, অভিজিতের জায়গায় শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে কি এই দুর্যোগ পরিস্থিতিতে বাংলা ছেড়ে, নিজেদের এলাকা ছেড়ে দিল্লি যেতেন? 'দানা' যে আসছে তার পূর্বাভাস অনেক আগেই দেওয়া হয়েছিল। কবে, কখন তার ল্যান্ডফল, কোথায়-কোথায় প্রভাব পড়তে পারে তারও আগে থেকে আন্দাজ পাওয়া গেছে। তাই এই অবস্থায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিল্লিতে থেকে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে।
অভিজিতের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বৃহস্পতিবারই তাঁর কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু 'দানা'র জেরে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় তিনি ফিরতে পারেননি। শুক্রবার সকালে ফেরার চেষ্টা করছেন। সব ঠিক থাকলে বেলার মধ্যেই রাজ্যে ফিরে জেলায় চলে যেতে পারবেন।
এই পরিপ্রেক্ষিতেও একটি প্রশ্ন তুলছে সব মহল। বলা হচ্ছে, সত্যিই যদি অভিজিৎ রাজ্যে ফিরতে চাইতেন আর 'দানা'র প্রভাব পড়ার আগেই নিজ এলাকায় যেতে চাইতেন তাহলে পরিষেবা বন্ধের আগে যে কোনও বিমান ধরতেই পারতেন। কারণ কলকাতায় বিমান পরিষেবা বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ। কিন্তু তাও তিনি করেননি। এখন শুধু এটাই দেখার, শুক্রবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদৌ সময় মতো নিজের এলাকায় পৌঁছতে পারেন কিনা। এই নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফোন করেছিল দ্য ওয়াল। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, ধামারা থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং সাগরদ্বীপ থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে 'দানা'। ল্যান্ডফলের সময় ঘণ্টায় এর গতিবেগ সর্বোচ্চ ১২০ কিলোমিটার হতে পারে।
ল্যান্ডফলের সময় দিঘা, মন্দারমনি-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১০০ থেকে ১২০ কিমি। আলিপুর জানাচ্ছে, ল্যান্ডফলের সময় দিঘায় জলোচ্ছ্বাসের উচ্চতা ১ থেকে ২ মিটার হতে পারে। একইভাবে দক্ষিণ ২৪ পরগনার উপকূলে দশমিক ৫ থেকে ১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।