নির্বাচন কমিশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করেন, জেলায় জেলায় টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করা হচ্ছে। তাঁর এও দাবি, জাতীয় গড়ের চেয়ে বাংলার জনসংখ্যায় বিপুল পরিবর্তন এসেছে।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 16 July 2025 16:50
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো বার্থ সার্টিফিকেট, আধার, ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে। বাংলায় তৃণমূল (TMC) জমানায় লক্ষ লক্ষ রোহিঙ্গা (Rohinga) অনুপ্রবেশ হয়েছে। এদের সকলকে তাড়াতে হবে! বুধবার নির্বাচন কমিশনের দফতরে (Election Commission) এসে এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এই কাজের জন্য তিনি বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নিদান দিয়েছেন।
নির্বাচন কমিশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করেন, জেলায় জেলায় টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করা হচ্ছে। তাঁর এও দাবি, জাতীয় গড়ের চেয়ে বাংলার জনসংখ্যায় বিপুল পরিবর্তন এসেছে। ভোটার তালিকাতেও বড় বদল এসেছে। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, বাংলার ভোটার তালিকার বেশিরভাগ রোহিঙ্গা। তৃণমূল জনসংখ্যার পরিকাঠামোই বদলে দিয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। এদের বাদ দিয়ে ভোটার তালিকা তৈরি করার দাবি তাঁর।
বিহার মডেল পশ্চিমবঙ্গেও হোক, এমনটাই চেয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট অভিযোগ, বাংলাদেশ-নেপাল সীমান্ত দিয়ে বাংলায় ঢুকেছে রোহিঙ্গারা। আর তৃণমূল সরকার তাদের পাশে দাঁড়িয়ে ভুয়ো নথি তৈরি করে দিয়েছে। শুভেন্দুর এও দাবি, সাংসদ মহুয়া মৈত্রকে দিয়ে বিষয়টি নিয়ে মামলা করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে রোহিঙ্গাদের বিতাড়িত না করা যায়। এই প্রসঙ্গে আমজনতার উদ্দেশে বিরোধী দলনেতা প্রশ্ন ছুঁড়ে দেন - আপনারাই বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না শেষ হয়ে যাবে?
বুধবারই রোহিঙ্গা মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অভিযান করেছেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, বিহারে যদি ৩০ লক্ষ বেরোয় এখানে ৯০ লক্ষ রোহিঙ্গা বেরোবে। একই সঙ্গে তিনি এও স্পষ্ট করেন, তাঁরা কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নন। তবে রোহিঙ্গা মুসলিমদের কোনওভাবেই রাজ্যে থাকতে দেবেন না।