মমতার বক্তব্যে স্পষ্ট—ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর নিপীড়ন চললে তৃণমূল আর চুপ থাকবে না। বরং দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করবে তৃণমূল।

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- অরিত্র কবিরাজ।
শেষ আপডেট: 16 July 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো: ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চ থেকে ফের কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। জানালেন, বাংলার মানুষের রায়ে তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাই তাঁর কাজ করার অধিকার আছে। হুঁশিয়ারি দিয়ে বললেন, “বাংলায় যদি সমস্যা তৈরি করেন, আমি সারা দেশ ঘুরে ঘুরে আপনাদের জবাব দেব। আমি দেখব কতটা আটকে রাখতে পারেন।”
মহারাষ্ট্রে মতুয়াভাষীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে মমতা বলেন, “ভোট চাইতে গেলে মতুয়াদের দরজায় হাতজোড় করেন, অথচ সুযোগ পেলেই তাঁদের উপর নির্যাতন চালানো হয়।”
ছত্তীসগড়ে আটকে পড়া বাংলাভাষীদের মুক্ত করতে মহুয়া মৈত্র সেখানে পৌঁছেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। আবার দিল্লিতে বাঙালিদের উপর নির্যাতনের প্রতিবাদে তৃণমূল সাংসদরা ৪৮ ঘণ্টার ধর্নাতেও বসেছিলেন বলে স্মরণ করিয়ে দেন তিনি। অসম সরকার কোচবিহারের বাসিন্দাদের যেভাবে নোটিস পাঠাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “তাদের কী অধিকার আছে বাংলার মানুষকে এভাবে হেনস্থা করার?”

এই প্রসঙ্গে সিপিএম ও কংগ্রেসকেও কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী। বলেন, “শূন্য হয়ে গিয়ে মহাশূন্যে গিয়েছে। তা-ও লজ্জা নেই। রাম-বাম আজ এক হয়েছে। ভোটার লিস্ট থেকে নাম কাটিয়ে আবার কেশপুর-গড়বেতার স্বপ্ন দেখছে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে জগাই-মাধাই-গদাইয়ের ভূমিকায় নেমেছে।”
অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের উদ্দেশেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমার কাছে যদি একটি রুটি থাকে, সেটার অর্ধেক আপনাদের দেব। বাইরে গিয়ে অসম্মানিত হয়ে থাকার প্রয়োজন নেই। বিজেপিকে বিশ্বাস করবেন না। ওরা ভয়ঙ্কর হয়ে উঠেছে।”

সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে মমতা দাবি করেন, “ইতিমধ্যেই প্রায় হাজারের মতো বাংলাভাষীকে আটক করে লকআপে রাখা হয়েছে, এমনকি ডিটেনশন ক্যাম্পেও পাঠানো হয়েছে। অনেককে বাংলাদেশে পুশব্যাকও করা হয়েছে।”
মমতার বক্তব্যে স্পষ্ট—ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর নিপীড়ন চললে তৃণমূল আর চুপ থাকবে না। বরং দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করবে তৃণমূল।