শুভেন্দু অধিকারী এর আগেও দাবি করেছেন, ভুয়ো এবং অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভোটে জিতে আসছে তৃণমূল। এসআইআর হলে তার উপায় হবে না কারণ এদের নাম বাদ যাবে। এদিনের সাংবাদিক বৈঠক থেকে সেই ইস্যুতেই ফের খোঁচা দিলেন তিনি।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 6 January 2026 17:04
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রামপুরহাটে (Rampurhat) জনসভা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। সেই সভা থেকে বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ''ওদের জমিদারদের যত জেদ, তার দশগুণ জেদ আমার।'' সাংবাদিক বৈঠক করে অভিষেকের সেই মন্তব্যেরই পাল্টা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কটাক্ষ করে বলেন, ডায়মন্ড হারবার মডেলে (Diamond Harbour Model) ভোট না করলেই হল।
এসআইআর (SIR in West Bengal) আবহে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘাত আরও বহুগুণ বেড়েছে। রাজ্যের শাসক শিবিরের (TMC) দাবি, নির্বাচন কমিশনকে হাত করে বিজেপি নিজেদের সুবিধার্থে এই কাজ করাচ্ছে। অন্যদিকে, বিজেপির বক্তব্য ভোটব্যাঙ্ক বাঁচাতে এসআইআরের বিরোধিতা করছে তৃণমূল। শুভেন্দু অধিকারী এর আগেও দাবি করেছেন, ভুয়ো এবং অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভোটে (Fake and Bangladeshi Voters) জিতে আসছে তৃণমূল। এসআইআর হলে তার উপায় হবে না কারণ এদের নাম বাদ যাবে। এদিনের সাংবাদিক বৈঠক থেকে সেই ইস্যুতেই ফের খোঁচা দিলেন তিনি।
অভিষেকের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়ে শুভেন্দুর সংযোজন, ''গণতান্ত্রিকভাবে রাজনৈতিক জেদ থাকা ভাল। কিন্তু ডায়মন্ড হারবার মডেলে ভোট করবেন না।'' এই প্রসঙ্গে তাঁর খোঁচা - আরিজ আফতাব ছিলেন বলে সেসব কাজ করা গেছিল। কিন্তু এখন নির্বাচন কমিশন (ECI) বা বিজেপি (BJP) এমন করতে দেবে না। অতীতের ভোটের কথা স্মরণ করে শুভেন্দু সাফ জানান, ''২১ আর ২৪ সালের ভোটের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি। কীভাবে ভোট চুরি আটকাতে হয় তা বুঝে সর্বশক্তি দিয়ে নামছি।''
তৃণমূলের ভোট চুরির (Vote Theft) কথা বলতে গিয়ে করোনার প্রসঙ্গও টেনে আনেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করেন - কোভিডের থার্ড ওয়েবের (Covid-19 Third Wave) ফায়দা নিয়েছিল তৃণমূল। সোশ্যাল ডিসটেন্সিংয়ের (Social Distancing) নাম করে ইভিএম মেশিনের থেকে ৬ ফুট দূরে বসানো হয়েছিল। সেটা যাতে এবার না করতে পারে, দেখব। চ্যালেঞ্জের সুরে এও বলেন, ''আমরা জাতীয় দল, আমরা সামনে বসব। তৃণমূল আঞ্চলিক তাই ওদের পিছনে বসাব।''
প্রসঙ্গত, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুলেছেন তা নস্যাৎ করে সোমবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করেছেন, SIR কোনও ‘হঠকারী’ বা ‘অপরিকল্পিত’ প্রক্রিয়া নয়। বরং ভুয়ো ও অযোগ্য ভোটারের নাম ছাঁটাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরেই ভোটার তালিকায় বেআইনি নাম ঢোকানোর সুযোগ পেয়েছে শাসকদল, আর সেই ‘অস্বস্তিকর সত্য’ সামনে আসছে বলেই আপত্তি তুলছে রাজ্য সরকার।
চিঠিতে বিরোধী দলনেতার অভিযোগ, মুখ্যমন্ত্রীর তরফে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের যে অভিযোগ তোলা হয়েছে, তা আসলে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা। শুভেন্দুর দাবি, মাঠপর্যায়ে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের নথি যাচাই করাচ্ছেন এবং কমিশনের পদক্ষেপকে সমর্থন করছেন।