দ্য ওয়াল ব্যুরো : শনিবার সন্ধ্যায় জাকার্তা শহরের উত্তরে এক জলাশয়ের ওপরে কিছু ধ্বংসাবশেষ ভাসতে দেখা যায়। ত্রাণকর্মীদের ধারণা, তা নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ। যদিও এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে শনিবার বিকালে উড়ে গিয়েছিল শ্রীবিজয়া কোম্পানির একটি বিমান। তার গন্তব্য ছিল পশ্চিম কালিমন্তান প্রদেশের পন্টিয়ানাক অঞ্চলে। ফ্লাইটরাডার টোয়েন্টি ফোর নামে এক ফাইট ট্রাকিং সার্ভিসের দেওয়া খবর অনুযায়ী, বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি মাটি থেকে ১০ হাজার ফুট ওপরে ওঠার এক মিনিটের মধ্যে নিখোঁজ হয়ে যায়। বিমানটি সর্বাধিক ১০ হাজার ৯০০ ফুট উচ্চতায় উঠেছিল। কিন্তু নিখোঁজ হওয়ার আগে তা মাটি থেকে ২৫০ ফুট উঁচুতে ছিল।
ফ্লাইটরাডার টোয়েন্টি ফোর জানিয়েছে, ওড়ার চার মিনিটের মধ্যেই এস জে ১৮২ ফ্লাইটটি নেমে আসতে থাকে। প্লেনটি চালায় বোয়িং ৭৩৭-৫০০ 'ক্ল্যাসিক' নামে এক সংস্থা। তার রেজিস্ট্রেশন নাম্বার পিকে-সিএলসি (এমএসএন ২৭৩২৩)। ১৯৯৪ সালের মে মাসে বিমানটি উড়েছিল প্রথমবার। সেই হিসাবে প্লেনটি ২৬ বছরের পুরানো।
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২ টা বেজে ৪০ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। জাকার্তার সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড়ে গিয়েছিল। তাতে ১৩০ জন যাত্রী বহন করার ক্ষমতা আছে। জাকার্তা থেকে পন্টিয়ানাক যেতে তার সময় লাগত ৯০ মিনিট।
২০১৮ সালের অক্টোবর মাসে লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট ওড়ার ১২ মিনিট পরে জাভা সমুদ্রে পড়ে যায়। ১৯০ জন প্রাণ হারান।