দ্য ওয়াল ব্যুরো: কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের জটিলতা কমেনি। তিনি এখনও ভেল্টিলেশনেই রয়েছেন। বুকের এক্স রে-তে দেখা গিয়েছে, তাঁর সংক্রমণ কিছুটা কমেছে। ইকোকার্ডিয়োলজি এবং হল্টার মনিটরিং করে দেখা গিয়েছে অবস্থার উন্নতি তেমন হয়নি। হৃদরোগ বিশেষজ্ঞ এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞেরাও নামী প্রাক্তন তারকাকে দেখেছেন।
বুধবারের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ভেন্টিলেশনেই রয়েছেন সত্তর দশকের রাইট উইঙ্গার। ভেন্টিলেটর মাস্কের মাধ্যমে শরীরে অক্সিজেনের মাত্রা ৯৪ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকছে। ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সুরজিতকে ইতিমধ্যেই দেখেছেন নামী করোনা বিশেষজ্ঞ ডাঃ যোগীরাজ রায়। বাইপাসের ধারে বেসরকারী হাসপাতালে তাঁর নিয়মিত পর্যবেক্ষণে রয়েছেন নামী চিকিৎসক ডাঃ অজয় কৃষ্ণ সরকার।
গত ২৩ জানুয়ারি সুরজিতকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর করোনা হয়েছে। প্রথম থেকেই ছিল শ্বাসকষ্ট। কাশিও ছিল তাঁর। তারপর থেকে নামী ফুটবলারকে নিয়ে উদ্বেগ কমেনি। বরং ক্রীড়ামহল তাঁর খোঁজ রাখছে। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর চিকিৎসার ভার নেওয়া হয়েছে।
সুরজিৎ কলকাতা ময়দানের নামী তারকা। তিনি শিল্পী ফুটবলার। ১৯৮১ সালে তিনি ইস্টবেঙ্গল ছেড়ে মহামেডানে যোগ দিয়েছিলেন। সেবার সুরজিতের সঙ্গে বিদ্রোহ করে দল ছেড়েছিলেন প্রশান্ত, প্রসূণ ও মানসরাও।