
শেষ আপডেট: 9 October 2023 23:33
দ্য ওয়াল ব্যুরো: বদলি মামলায় সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের শিক্ষকরা। ইচ্ছেমতো বাড়ির থেকে দূরে বদলি করে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন শিক্ষক। সেই মামলায় এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, শিক্ষক নিয়োগের ১০ সি ধারা কার্যকর হওয়ার আগে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের এখনই বদলি করা যাবে না!
বাড়ি থেকে ২০০ কিলোমিটার দূরের কোনও স্কুলে বদলি করা হচ্ছে, সুপ্রিম কোর্টে এমনই অভিযোগ করেছিলেন মামলাকারী শিক্ষকরা। সোমবার এই প্রশ্নের মুখে পড়ে মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের প্রশ্ন, কেন এতদূরে বদলি করা হচ্ছে, এই পেশায় অনেক মহিলা আছেন। তাই এইরকম বদলি ভাবাচ্ছে।
শিক্ষক নিয়োগের ১০সি ধারা কার্যকর করার আগে যাঁরা নিয়োগ হয়েছেন, সেইসব শিক্ষকরা সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন। তবে ১০সি ধারা কার্যকর হওয়ার পরে যাঁদের নিয়োগ হয়েছেন, তাঁদের বদলি নিয়ে কোনও নির্দেশ দেয়নি শীর্ষ আদালত।
সেইসঙ্গে এদিন শিক্ষক বদলি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, পর্ষদের হলফনামার পাল্টা হলফনামা দিতে পারবে মামলাকারীরা। রাজ্যের দেওয়া হলফনামা দেওয়ার পর দু'সপ্তাহ সময় পাবেন শিক্ষকরা। যদি তাঁদের কোনও বক্তব্য থাকে তবে সুপ্রিম কোর্টে জানাতে পারবেন তাঁরা।
এখন প্রশ্ন হচ্ছে শিক্ষক নিয়োগে ১০সি ধারা কী? রাজ্য সরকার প্রদত্ত এই ধারায় বলা হয়েছে ১৯৯৮ সালের পর স্কুল সার্ভিস কমিশনের আওতায় যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের সরকারের প্রয়োজনে বা অন্য কোনও প্রয়োজনে প্রশাসনিক ক্ষেত্রে বদলি করা হতে পারে।