
শেষ আপডেট: 2 September 2022 11:12
দ্য ওয়াল ব্যুরো: গুজরাত দাঙ্গা নিয়ে ষড়যন্ত্রমূলক প্রচারে যুক্ত থাকার অভিযোগে ধৃত সমাজকর্মী তিস্তা সেতলাবাদের (Teesta Setalvad) অন্তর্বর্তীকালীন জামিন (interim bail) মঞ্জুর করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই আদেশ দেওয়ার সময় সর্বোচ্চ আদালত তিস্তাকে তদন্তে সহযোগিতা করা এবং পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে গুজরাট (Gujarat) হাইকোর্ট জামিনের আবেদন খারিজ করার পর সুপ্রিম কোর্টে আবেদন করেন তিস্তা। আজ প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের বেঞ্চ অন্তবর্তী জামিন মঞ্জুর করে।
গতকালও জামিনের আবেদনের বিরোধিতা করা নিয়ে গুজরাত সরকারকে চেপে ধরেছিল প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং সুধাংশু ধুলিয়ার একটি বেঞ্চ। তাঁরা মামলা নিয়ে গুজরাত সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন। সর্বোচ্চ আদালতের বক্তব্য ছিল, তিস্তা কী এমন অপরাধ করেছেন যে একজন মহিলাকে দিনের পর দিন জেলে আটকে রাখতে হবে। তিস্তার বিরুদ্ধে গুজরাত পুলিশের আনা ষড়যন্ত্রের অভিযোগের সপক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণের অভাব রয়েছে বলেও মন্তব্য করে সুপ্রিম কোর্ট।
আদালত তিস্তার বিরুদ্ধে এফআইআর দায়েরের কারণ জানতে চেয়েছিল। আদালত বলেছিল যে তিস্তার বিরুদ্ধে কোনও গুরুতর মামলা নেই।
মিশন ২০২৪: বিহারের বাইরে পা রাখতে চলেছেন নীতীশ, অচিরেই যাবেন দিল্লি-রাজস্থান-হরিয়ানায়
গুজরাত হাইকোর্ট এই মামলায় জামিনের আবেদনের নিষ্পত্তি করার জন্য ছয় সপ্তাহের বেশি সময় চাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত। গুজরাত হাইকোর্ট কখনও ছয় সপ্তাহের জন্য জামিনের আবেদন স্থগিত করেছে কিনা জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বেঞ্চ গুজরাত পুলিশকে দীর্ঘ ব্যবধানের পরে শুনানির জন্য তালিকাভুক্ত মামলার বিবরণ দিতে বলেছে। আদালত বলে, হাইকোর্টে কি সব সময়ই এত লম্বা সময় মামলা স্থগিত রাখা হয়? আদালত রাজ্য সরকারকে জানাতে বলেছে যে অতীতে এই ধরনের অভিযোগে কোনও মহিলাকে এতদিন জেলে রাখা হয়েছে কি না।
প্রসঙ্গত, গত ২৫ জুন গুজরাট দাঙ্গার মামলায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কয়েকজন পদাধিকারির বিরুদ্ধে হিংসায় মদত দেওয়ার অভিযোগে হওয়া মামলার সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেয়। তাতে নরেন্দ্র মোদীকে নির্দোষ ঘোষণা করা হয়। পরদিনই তিস্তাকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। তিস্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মোদীর বিরুদ্ধে অভিযোগ সাজাতে ষড়যন্ত্র করেছিলেন।