
শেষ আপডেট: 1 May 2023 18:49
দ্য ওয়াল ব্যুরো: সুনীল নারিনের (Sunil Narine) হলটা কী! তিনি কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের অন্যতম নামী তারকা। এই দলে খেলছেন প্রায় শুরু থেকেই। কিন্তু এবার ক্যারিবিয়ান তারকা একেবারেই ছন্দে নেই। ব্যাটে পারছেন না, বোলিংয়েও সেই ছন্দ উধাও।
নারিন হলেন কেকেআরের ব্রেক থ্রু বোলার। যিনি ইনিংসের মধ্যে বোলিং করতে এসে বিপক্ষকে চুরমার করে দেবেন। কিন্তু এবার সেটি কোনও ম্যাচেই দেখা যায়নি।
একটা সময় যে কোনও কোচের অস্ত্র হতে পারতেন নারিন। তিনি থাকা মানেই নির্ভরতা। কলকাতা দলে নারিনের বিকল্প উঠে এলেও তাঁকে দলে রেখে দেন কোচ। কারণ নারিন থাকা মানে পিঞ্চ হিটিংয়ের কাজটি করে দেবেন। তিনি দলের হয়ে ওপেনও করেছেন ব্যাটিংয়ে। আবার বেশ কিছু দলনেতা নারিনকে দিয়ে বোলিং ওপেনও করিয়েছেন।
এবার ৩৪ বছরের ওয়েস্ট ইন্ডিজ তারকাকে ছন্দহীন মনে হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, নারিনের বোলিং বিপক্ষ দল আগে থেকে বুঝে গিয়েছে। তাঁকে নিয়ে হোমওয়ার্ক করেছে বলেই নারিনকে রিড করা সহজ হয়ে যাচ্ছে।
সব থেকে প্রাসঙ্গিক বিষয়, নারিনকে কলকাতা এবারও দিয়েছে ছয় কোটি টাকা। কিন্তু সেই মানের খেলা নেই তাঁর। সোশ্যাল সাইটে নারিনকে ঘিরে নানা মিম তৈরি হয়েছে। কেউ লিখেছেন, নারিন স্যার, আপনি কার হয়ে বোলিং করছেন! কার হয়ে খেলছেন?
কেউ লিখছেন, নারিন আপনি অতীতের ছায়া মাত্র। কী দরকার এমনভাবে দলে থেকে। আবার কারও রসিকতা, নারিন স্যার শরীরের দিকে একটু নজর দেবেন। কারণ এই তারকার দিনদিন মধ্যপ্রদেশ বেড়ে চলেছে। তাঁর ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে।
ম্যাচ জিতেও বিতর্কে কোহলি, মাঠেই লেগে গেল গৌতম গম্ভীরের সঙ্গে