
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 May 2025 00:17
দ্য ওয়াল ব্যুরো: বাড়ল গরমের ছুটির (summer vacation) মেয়াদ। রাজ্যের সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে এখন গরমের ছুটি চলছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় ১৩ মে এবং মাধ্যমিক বিদ্যালয় খোলার কথা ছিল ২৪ মে। তবে তীব্র তাপদাহের কারণেই ছুটির মেয়াদ ৩১ মে, ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।
পশ্চিমবঙ্গ (west bengal) সরকারের স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে (notice) জানানো হয়েছে যে, সমস্ত বিদ্যালয় আগামী ২ জুন, সোমবার থেকে চালু হবে। বিদ্যালয় কর্তৃপক্ষকে সেই অনুযায়ী যাবতীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও রয়েছে।
সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি যে বাড়তে চলেছে বুধবার নবান্নের বৈঠক থেকে তার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বেসরকারি স্কুলগুলির কাছেও এই সময় স্কুল বন্ধ রাখার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী।
পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘গরমের জন্য সরকারি স্কুলগুলিতে ছুটির ঘোষণা করা হয়েছে। যেহেতু এই সময় নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয় রয়েছে, তাই বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও বলব, এখন কয়েকটা দিন স্কুল বন্ধ রাখলে ভাল হয়।’
তিনি আরও বলেন, ‘লিখিত কোনও গাইডলাইন পাঠাচ্ছি না। এটা আমাদের আবেদন। সরকারি স্কুলগুলোকে ছুটি দিয়ে দিয়েছি, বেসরকারি স্কুলগুলোও যেন ছুটি দিয়ে দেয়। আপনারা এই ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে করে দিলে ভাল হয়। বাচ্চারা বাড়িতে থাকুক।
এই সিদ্ধান্তের আওতায় রয়েছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তাছাড়াও দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি উপবিভাগগুলির বিদ্যালয়গুলিও থাকছে (যদিও আগে এই জেলা ছুটির আওতায় ছিল না)।
এখন দেখার মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বেসরকারি স্কুলগুলিও গরমের ছুটি ঘোষণা করে কিনা।