
শেষ আপডেট: 10 December 2022 16:05
দ্য ওয়াল ব্যুরো: সদ্যই বিজেপিকে হারিয়ে ৬৮টি আসনের মধ্যে ৪০টিতে জিতে হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনে (Himachal Pradesh assembly election) জয়ী হয়েছে কংগ্রেস (congress)। তারপরেই জানা গেল, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী (Himachal pradesh CM)হতে চলেছেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Sukhu)। হামিরপুর জেলার নাদাউনের বিধায়ক ৫৮ বছর বয়সি সুখু আগামীকাল, অর্থাৎ রবিবার সকাল ১১ টার সময় শপথ গ্রহণ করতে চলেছেন বলে জানিয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন পাঁচবারের বিধায়ক মুকেশ অগ্নিহোত্রী। সুখবিন্দর সিং সুখু হিমাচলপ্রদেশে কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তিনি চারবারের বিধায়কও বটে। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত। যদিও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের সঙ্গে তাঁর তেমন সুসম্পর্ক ছিল না। বীরভদ্র সিংয়ের স্ত্রী তথা হিমাচলের কংগ্রেস প্রধান প্রতিভা সিং এবং মুকেশ অগ্নিহোত্রী, দুজনেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন। তারপরেও বেছে নেওয়া হয় সুখুকেই।
সুখুর মুখ্যমন্ত্রী হওয়ার খবরে স্বভাবতই প্রাথমিকভাবে খুশি হননি প্রতিভা সিং। শুক্রবার প্রতিভা সংবাদমাধ্যমকে জানান, 'দল এই পরিবারকে অবহেলা করতে পারে না। ওঁর (বীরভদ্র) নামে এই নির্বাচনে লড়া হয়েছে। ওঁর নাম এবং মুখ ব্যবহার করা হবে, তারপর ফল প্রকাশের পর ওঁকেই অবহেলা করা হবে, এটা ঠিক নয়। দলের এটা করা উচিত নয়।'
যদিও শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, 'কংগ্রেস হাইকমান্ডের সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি।' সূত্রের খবর, দলের নবনির্বাচিত ৪০ জন বিধায়কের মধ্যে খুব বেশি জন তাঁর সমর্থনে নেই। সেই কারণেই তাঁর বদলে মুখ্যমন্ত্রী পদে সুখুর আসন পাকা হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবার কংগ্রেস হাই কমান্ডের বৈঠকে কংগ্রেস প্রেসিডেন্টকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়ার অনুমতি দেন ৪০ জন বিধায়ক। তারপরই সুখবিন্দর সিংয়ের নাম ঘোষণা করেন মল্লিকার্জুন খাড়্গে। যদিও এই ঘটনায় কংগ্রেস নেতৃত্ব হিমাচলের যে হোটেলে রয়েছেন সেখানে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিভার সমর্থকরা।
অন্ডকোষে পচন, তা উরুতে প্রতিস্থাপন কোচবিহারে রোগীকে বাঁচাল জেলা হাসপাতাল