
সুকান্ত মজুমদার স্টিং অপারেশনের ভিডিও-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 7 May 2024 13:24
দ্য় ওয়াল ব্যুরো: সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার মারাত্মক অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই এই স্টিং অপারেশন চালিয়েছে।
তিনি বলেন, " আমাদের কাছে পুরো খবর চলে এসেছে যে একজন সাংবাদিককে সামনে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দারা এই স্টিং অপারেশন চালিয়েছে। পুলিশ করিয়েছে। প্রথম এই ভিডিও পুলিশের হ্যান্ডেল থেকে পোস্ট হয়। এবং ভিপিএন লাগিয়ে, মাস্কিং করে, যাতে বোঝা না যায় কে এটি পোস্ট করেছে। তার তদন্ত চলছে। যে পুলিশ অফিসার ও তার দল এটি করেছে, কেউ বাঁচবে না। তাদেরও আমরা জেলে পাঠাবো।
শনিবার সকালে সন্দেশখালির বিজেপি নেতার একটি ভিডিও ভাইরাল হয়। তাতে ওই বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে যে সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো। মহিলাদের ধর্ষণের ঘটনাও মিথ্যে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। এই ভাইরাল ভিডিওয় যে বিজেপি নেতার স্বীকারোক্তি সামনে এসেছে, সেই গঙ্গাধর কয়াল বিজেপির মণ্ডল সভাপতি। এই ভিডিও সামনে আসার পরে তিনি নিজেও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
এই ভাইরাল ভিডিওয় বিজেপির সন্দেশখালির নেতা গঙ্গাধরকে বলতে শোনা যায়, তাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। এবং গোটা বিষয়টির জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টাকা দিয়ে সাহায্য করেছেন। এবারের লোকসভা ভোটে বিজেপির প্রধান ইস্যু হয়ে উঠেছিল সন্দেশখালি। কারণ মহিলাদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান-সহ তাঁর অন্য অনুগামীরা। ভাইরাল এই ভিডিও তৃণমূলের হাতে পাল্টা লড়াইয়ের অস্ত্র তুলে দেয় বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই ভোটের আগে এই ভিডিও নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে যায়।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্তবাবু এই স্টিং অপারেশন পুলিশই করিয়েছে বলে পাল্টা অভিযোগ তোলায় নতুন করে শোরগোল পড়ে যায়।