
শেষ আপডেট: 11 June 2023 13:11
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটমহলে শুভমান গিলকে নিয়ে আলোচনা হয়েছিল আইপিএল চলার সময়। প্রতি ম্যাচে নামছেন, আর মশালা ক্রিকেটে সেঞ্চুরি করছেন। সবাই ধন্য-ধন্য করছিলেন।
বেশিদিন যেতে হল না, ওভালে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ শুভমান। তিনি চলতি টেস্টে ওপেন করতে নেমে দুই ইনিংসে করেছেন ১৩ এবং ১৮ রান। এই নিয়ে সমালোচনাও হচ্ছে। মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করে দিয়েছেন।
যে ক্রিকেটার কয়েকদিন আগেও দুরন্ত ফর্মে ছিল বিনোদন ক্রিকেট লিগে, তিনি কী করে আসল মঞ্চে ফর্ম হারাতে পারেন? সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দু’বারই গিলকে ডানহাতি মিডিয়াম পেসার স্কট বোল্যান্ড আউট করে দিয়েছেন।
গিল নিয়ে সুনীল গাভাসকার থেকে রবি শাস্ত্রী সকলেই মন্তব্য করেছেন। তাঁদের ধারণা, গিল প্রত্যাশা চাপে পড়ে গিয়েছেন। গিলকে নিয়ে কপিলদেব বলেছিলেন, গিলকে দেখে আমার ভয় হচ্ছে, ও না আমাদের বিনোদ কাম্বলি হয়ে যায়।
কাম্বলি যেমন শৃঙ্খলাহীন জীবনে অভ্যস্ত হয়ে হারিয়ে গিয়েছিলেন প্রতিভা থাকা সত্ত্বেও, গিলকে দেখে সেটাই মনে হয়েছে কপিলের। সব থেকে বড় কথা, গিল ব্যর্থ হওয়ার পরেও ওভালের গ্যালারিতে তরুণীদের আকর্ষণের কেন্দ্রে তিনিই ছিলেন। এক তরুণীকে তার মধ্যেই দেখা গিয়েছে প্ল্যাকার্ড হাতে, তাতে লেখা, শুভমান তুমি আমায় বিয়ে করবে?
বিনোদনের ক্রিকেট ও টেস্টের মঞ্চ যে পৃথক, সেটি অনুমান করেই কপিল এমন কথা বলেছিলেন। সৌরভরাও গিলের ব্যাটিং দেখে হতাশ। যদিও গিলের আউট নিয়ে বিতর্ক রয়েছে। গ্রিন ক্যাচ ধরার সময় বল মাটি স্পর্শ করেছিল। সেটি থার্ড আম্পায়ার দেখলেই না।
যতই ওই আউট নিয়ে বিতর্ক চলুক, তাতেও গিলের দোষ আড়াল হচ্ছে না। তাঁরা আইপিএল থেকে যে অর্থ রোজগার করেন, তাতেই তাঁরা সন্তুষ্ট। তারপরে জাতীয় দলের হয়ে খেলার সময় সেই তাগিদ থাকে না, সেটাই কথা হচ্ছে সোশ্যাল সাইটে। বিশেষজ্ঞরাও গিল নিয়ে অনেক আশা দেখেছিলেন। ঘরের মাঠে অজস্র রান করা, আর বিদেশের মাঠে ভাল পারফরম্যান্স করে দলকে জেতানো, এর মধ্যে আকাশ-পাতাল ফারাক রয়েছে। সেটাই বুঝতে হবে গিলদের।