
নিজস্ব ছবি
শেষ আপডেট: 1 March 2025 13:41
দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারে (Coochbehar) কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ মাদক (Drugs) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। একটি ট্রাক বাজেয়াপ্ত করেছে বেঙ্গল এসটিএফ (STF)। ট্রাকের মধ্যে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের প্যাকেট পাওয়া গেছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে।
ট্রাক থেকে উদ্ধার হয়েছে এক লক্ষেরও বেশি ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া মাদকের মূল্য দু-কোটি টাকার বেশি বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এনডিপিএস আইনে মামলা রুজু বক্সিরহাট থানায়। ধৃতদের নাম ওয়াজিদ আলি এবং আনশের আলি বলে জানিয়েছে পুলিশ। কোচবিহারের বাংলা-অসম সীমান্ত থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
ট্রাকের ড্রাইভারের কেবিনে সিটের তলায় ১১টি বাক্স করে এই মাদক অসম থেকে আনা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। কোনও এক মাদক পাচার চক্র এই ঘটনার পিছনে রয়েছে বলেই অনুমান করা হচ্ছে। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের জেরা করে বাকিদের নাম জানতে তৎপর পুলিশ।
সম্প্রতি অন্য এক অভিযানে ১ কোটি টাকার বেশি মাদক বাজেয়াপ্ত হয়েছে এই কোচবিহারেই। তার সঙ্গে অন্য একটি অভিযানে নগদ অর্থ এবং গাঁজাও পেয়েছিল পুলিশ। মাথাভাঙ্গা মহকুমার ধলাগুড়ি গ্রামের এক বাসিন্দার বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালিয়েছিল। তাতেই ধরা পড়ে ওই মাদক।
কোচবিহারের চিত্রকূট সীমান্তে বিএসএফ অভিযান চালিয়ে নগদ টাকা এবং গাঁজা উদ্ধার করেছিল। সেই ঘটনাতেও একজনকে গ্রেফতার করা হয়।