
ফাইল ছবি।
শেষ আপডেট: 12 February 2025 12:42
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতালের সুপার-সহ ১২জন চিকিৎসককে সাসপেন্ড করেছিল রাজ্য। সে সময় চিকিৎসককদের ৮ঘণ্টা ডিউটির কথা আগেই মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট হুঁশিয়ারি ছিল, ডিউটির ক্ষেত্রে গাফিলতি বরদাস্ত করা হবে না।
সেই ডিউটিতে গাফিলতির অভিযোগেই এবার উত্তরবঙ্গ মেডিক্যালের ১৬ জন চিকিৎসকের বেতন বন্ধ করল রাজ্য স্বাস্থ্য দফতর। অভিযোগ, অধিকাংশ দিনই হাসপাতালে গরহাজিরা থেকে বাইরে প্রাইভেটে প্র্যাকটিসে ব্যস্ত থাকতেন ওই ১৬ জন চিকিৎসক।
এবিষয়ে আগেই ওই ১৬ চিকিৎসককে শো-কজও করেছিল স্বাস্থ্য দফতর। সূত্রের দাবি, শো-কজের জবাব না দেওয়ায় এবার তাঁদের বেতন করার নির্দেশ পৌঁছেছে স্বাস্থ্য ভবন থেকে।
ঘটনার সত্যতা স্বীকার করে উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা বলেন, ডিউটিতে গরহাজিরার কারণে ১৬ জন চিকিৎসকের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
যদিও চিকিৎসকদের একাংশের বক্তব্য, তাঁরা আরজি কর কাণ্ডের সময় রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছিলেন। সে কারণেই তাঁদের ওপর শাস্তির খাঁড়া নামিয়ে আনা হল। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছে উত্তরবঙ্গে।