
টি এস শিবজ্ঞানম - ফাইল চিত্র
শেষ আপডেট: 19 March 2024 12:09
দ্য ওয়াল ব্যুরো: দাড়িভিট কাণ্ডে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। বিচারপতি রাজাশেখর মান্থা দাড়িভিট কাণ্ডে আদালত অবমাননা রুল ইস্যু করেন গত শুক্রবার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্য সরকারের। রাজ্যকে মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
দাড়িভিট কাণ্ডে ১০ মাস আগে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিআইজি সিআইডির বিরুদ্ধে রুল জারি করা হয়েছিল। একই সঙ্গে, রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কিন্তু প্রায় এক বছর কেটে গেলেও সেই নির্দেশ পালন করা হয়নি। এবার বিচারপতি মান্থার নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার।
২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে এসেছিল পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশের গুলিতে স্কুলের দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের মৃত্যু হয়। যদিও পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করে। এই ঘটনায় প্রথমে সিবিআই তদন্তের দাবি উঠেছিল। তবে হাইকোর্ট শেষমেষ এনআইএ তদন্তের নির্দেশ দেয়।
দাড়িভিটের ঘটনায় সিআইডি তদন্ত চলাকালীন কলকাতা হাইকোর্ট তদন্তকারী অফিসারদের ওপর ক্ষোভ প্রকাশ করেছিল। ওই ঘটনার তদন্ত শেষ করতে সিআইডির চার বছর কেন সময় লাগল, সেই প্রশ্ন তুলেছিল আদালত। একই সঙ্গে, সিআইডি-র দেওয়া রিপোর্ট নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। কারণ তাঁদের রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ছিল না বলেই অভিযোগ ওঠে। তাছাড়া সিআইডি কিছু তথ্য এনআইএ-র হাতে তুলে দেয়নি বলেও জানা যায়। ২০১৮ সালের সেই ঘটনার পর এখন কেটে গেছে ৬ বছর। এখন দেখার রাজ্যের আবেদনে ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয়।