অবিলম্বে যোগ্য তালিকা প্রকাশ করতে হবে, এই দাবিতে বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল সল্টলেকের বিকাশ ভবনে।

বিকাশ ভবনে তুলকালাম কাণ্ড। গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 15 May 2025 13:21
দ্য ওয়াল ব্যুরো: অবিলম্বে যোগ্যদের তালিকা (SSC Eligible unemployed teachers ) প্রকাশ করতে হবে এবং চাকরি দিয়ে টাকা পাওয়া অযোগ্যদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, এই দাবিতে বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল সল্টলেকের বিকাশ ভবনে। এদিন বিকাশ ভবন অভিযানে নামে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ।
গত ৯দিন ধরে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছেন এসএসসি ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারারা। এদিন আচমকা তাঁদের অভিযানের জেরে অপ্রস্তুত হয়ে পড়ে পুলিশও। দ্রুত পুলিশের তরফে বিকাশভবনের সামনে ব্যারিকেড তৈরি করা হয়। লোহার প্রধান ফটক লাগিয়েও দেওয়া হয়। বাইরে তখন হাজার হাজার চাকরিহারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা। তাঁদের হাতের প্ল্যাকার্ডে লেখা, "চোরেদের বিচার চায়, আমাদের চাকরি ফেরত চায়!"
তাঁদের বক্তব্য, "অনেক আশ্বাস শুনেছি, আর নয়। অবিলম্বে যোগ্যদের প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিও তোলেন তাঁরা"। এরপরই প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পরে পুলিশকে হঠিয়ে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। সবমিলিয়ে, এদিন বেলা ১২টা থেকে বিকাশভবন চত্বরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পুলিশের সঙ্গে বচসা থেকে তর্কাতর্কি শুরু হয়। এরপরই বিকাশ ভবনের লোহার গেটের সামনে থেকে ব্যারিকেড ভেঙে ফেলে তাঁরা। গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারাদের এহেন রণংদেহী অভিযান ঘিরে বিকাশ ভবনের ভিতরে থাকা কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আনা হয় আরও বিশাল পুলিশ বাহিনী। ৩০ মিনিট পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও তীব্র উত্তেজনা রয়েছে।
চাকরিহারা যোগ্য শিক্ষকদের এই অভিযান বা তাঁদের দাবি প্রসঙ্গে এদিন শিক্ষামন্ত্রী বা শিক্ষা দফতরের কোনও কর্তার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।
এসএসসির চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের মাসিক ভাতা বিলির কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে অনুমোদনও পাশ হয়। তারপরই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
রাজ্যের এই সিদ্ধান্ত সামনে আসার পরই এদিন বিকাশভবন অভিযানে নামার সিদ্ধান্ত নেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ। তাঁদের একাংশের অভিযোগ, রাজ্য যোগ্যদের তালিকা প্রকাশের পরিবর্তে অযোগ্যদের আড়াল করতে চাইছে।
প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির (SSC 2016) ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে শিক্ষক ও শিক্ষা কর্মী মিলিয়ে প্রায় ২৬ হাজার মানুষ কর্মহারা। এদের মধ্যে শিক্ষকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। চাকরিহারা যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের দাবি, অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। তা না হওয়া পর্যন্ত এই ঘেরাও আন্দোলন আরও তীব্রতর করা হবে।