
শেষ আপডেট: 25 March 2022 11:48
দ্য ওয়াল ব্যুরো: বগটুই গণহত্যাকাণ্ডে (Bagtui Violence) রাজ্য-রাজনীতি উত্তাল। ঘটনার তদন্তে সিট গঠন করেছে রাজ্য পুলিশ। এদিকে কলকাতা হাইকোর্ট এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু সিবিআই তদন্তে কী আদেও কোনও সুরাহা মিলবে? এমনই প্ৰশ্ন তুলে দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
কলকাতা হাইকোর্টের রায়ের পরই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। লেখেন, 'আর সিবিআই… এইরকম কত সিবিআই এল আর গেল, ফল তো লবডঙ্কা।' অভিনেত্রীর এই পোস্টের পরই ঝড় ওঠে সোস্যাল মিডিয়ায়।

এমনিতেই রামপুরহাট গণহত্যাকাণ্ডে সেভাবে বাংলার কোনও বুদ্ধিজীবীকে মুখ খুলতে দেখা যায়নি। কেউ কাজের ব্যস্ততা দেখিয়েছেন, কেউ আবার ঘটনা সম্পর্কে অবগত নয় বলে মন্তব্য করবেন না জানিয়েছিলেন। বুদ্ধিজীবীদের এহেন কাণ্ডকে যেমন নেটিজেনরা নিন্দা উগরে দিয়েছিলেন তেমন শ্রীলেখাও সরব হয়েছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার এক রাতের মধ্যেই ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাণ যায় ৮ জনের। যদিও এই ঘটনার পরই সিট গঠন করে নবান্ন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অনেককে।
বৃহস্পতিবারই বাগটুই গ্রামে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলেন তিনি। ক্ষতিপূরণের আশ্বাস দেন। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশও দেন তিনি।
এই ঘটনায় আদালতের হস্তক্ষেপে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের পক্ষেই রায় দেয়। এমনকি, ৭ এপ্রিলের মধ্যে ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেয়।
সিবিআই তদন্তের বিরোধিতা করতে পারে রাজ্য, আগে থেকেই ক্যাভিয়েট দাখিল সুপ্রিম কোর্টে